জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিক সমিতির কার্যালয়ে হামলা ও দখলের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কমপক্ষে ১০ জন সাংবাদিক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের তৃতীয় তলায় অবস্থিত সাংবাদিক সমিতির কক্ষে ঢুকে হামলা চালান ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় কক্ষে উপস্থিত সাংবাদিকদের মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরের দিকে ছাত্রদলের কয়েকশ নেতাকর্মী সাংবাদিক সমিতির কক্ষে ঢুকে পড়েন। এ সময় সেখানে থাকা সদস্যদের সাথে তাদের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তারা সাংবাদিকদের ওপর হামলা চালান। এতে জাতীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত কমপক্ষে ১০ জন সাংবাদিক আহত হন।
সাংবাদিকদের অভিযোগ, এ হামলার নেতৃত্ব দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল, সদস্যসচিব সামসুল আরেফিন এবং যুগ্ম আহ্বায়ক সুমন সরদার ও জাফর আহমেদ।
আহতদের ন্যাশনাল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে।



