জাবিতে নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনায় ভিসির শোক, তদন্ত কমিটি গঠন

শনিবার (২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে এক জরুরি প্রশাসনিক সভার পর শোকবার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।

আতাউর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

Location :

Savar
কেন্দ্রীয় লাইব্রেরির লেকচার থিয়েটার ভবন
কেন্দ্রীয় লাইব্রেরির লেকচার থিয়েটার ভবন |নয়া দিগন্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় কেন্দ্রীয় লাইব্রেরির লেকচার থিয়েটার ভবনের চতুর্থ তলা থেকে পড়ে মো: আরিফুল ইসলাম (৪০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসন শোক প্রকাশের পাশাপাশি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে এক জরুরি প্রশাসনিক সভার পর শোকবার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।

শোকবার্তায় জানানো হয়, শুক্রবার (১ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনের চতুর্থ তলা থেকে পড়ে গুরুতর আহত হন ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার বাসিন্দা মো: আরিফুল ইসলাম। পরে বিকেল সাড়ে ৪টার দিকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নির্মাণ শ্রমিক আরিফুলের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের ভিসি শোক প্রকাশ করেন। শোকবার্তায় তিনি বলেন, ‘এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু তার পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি শোকের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন জুলাই-আগস্টের সব অনুষ্ঠানসূচিতে এক মিনিট নীরবতা পালন এবং ক্যাম্পাসের মসজিদ ও অন্য উপাসনালয়ে দোয়া ও প্রার্থনার আয়োজনের নির্দেশ দিয়েছে।

এছাড়া প্রশাসনিক সভায় পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো: শফিকুল ইসলামকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত শেষে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনার বাইরে থেকে কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ প্রমাণিত হলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়েছে। একইসাথে নিহত শ্রমিকের পরিবারকে যথোপযুক্ত আর্থিক সহায়তা ও অন্য সহযোগিতা দেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।