ইবিতে প্রশাসনের সাথে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

সাক্ষাৎকালে অ্যালামনাই নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা সমাধানে প্রশাসনকে আন্তরিক সহযোগিতার আশ্বাস দেন।

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রশাসনের সাথে ইবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ
প্রশাসনের সাথে ইবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ |নয়া দিগন্ত

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসনের সাথে ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন অ্যালামনাই নেতৃবৃন্দ।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ভিসি কার্যালয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ নাজমুল হক সাঈদী ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবদুল হাইয়ের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই সদস্যরা এতে অংশ নেন।

সাক্ষাৎকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি) অধ্যাপক ড. মো: এমতাজ হোসেন ও ট্রেজারার অধ্যাপক ড. মো: ইদ্রিস আলীকে ফুলেল শুভেচ্ছা জানান অ্যালামনাই নেতৃবৃন্দ। এ সময় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদের হাতে ক্রেস্ট ও বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেয়া হয়।

সৌজন্য সাক্ষাতে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মোশাররফ হোসেন ফারুক, অধ্যাপক ড. আবু সিনা, বদরুদ্দোজা আব্দুর রউফ ও অ্যাডভোকেট আব্দুল আওয়ালসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগের শিক্ষক, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী ও সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎকালে অ্যালামনাই নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা সমাধানে প্রশাসনকে আন্তরিক সহযোগিতার আশ্বাস দেন। একইসাথে শিক্ষার্থীদের কল্যাণে সব সময় পাশে থাকা এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রযাত্রায় কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরো জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।