জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো: আরিফুল ইসলাম (৪০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন কেন্দ্রীয় লাইব্রেরির লেকচার থিয়েটার ভবনের চতুর্থ তলা থেকে পড়ে গুরুতর আহত হন তিনি।
আহত অবস্থায় প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে দ্রুত সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আরিফুলের মৃত্যু হয়।
মৃত আরিফুলের গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলায় বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা: নিংতম জানান, ‘বেলা ১১টার দিকে কয়েকজন শ্রমিক আরিফুলকে মেডিক্যালে নিয়ে আসে। তার মুখে আঘাত ছিল, দাঁত পড়ে গিয়েছিল। অবস্থার ভয়াবহতা দেখে তাকে দ্রুত এনাম মেডিক্যালে পাঠিয়ে দেই।’
নির্মাণাধীন ভবনটির কার্যক্রম বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান অনিক ট্রেডিং করপোরেশনের প্রধান প্রকৌশলী মোমিনুল করিম বলেন, ‘আমি বর্তমানে ঢাকায় আছি। আমাদের কাজ আপাতত বন্ধ থাকলেও কয়েকজন শ্রমিক সেখানে অবস্থান করছিলেন। ফোনে শুনেছি, একজন শ্রমিক পড়ে মারা গেছেন, এর বেশি কিছু জানি না ‘
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। এত বড় ঘটনা ঘটেছে অথচ আমাকে কেউ জানায়নি। গতকাল সকালে যেটা ঘটেছে, সেটা আমি রাতে জানতে পারলাম। শনিবার সকাল ১০টার দিকে জরুরি প্রশাসনিক মিটিং ডেকেছি। আমি চাই শুধু ক্ষতিপূরণ নয়, এই ঘটনায় যেন দোষীদের যথাযথ বিচার হয়।’



