সরকার উৎখাতের পরিকল্পনা : নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বরখাস্ত

মেসেজিং অ্যাপ টেলিগ্রামের ‘বাংলাদেশ ইউনিভার্সিটি প্রোগ্রেসিভ টিচার্স সোসাইটি’ নামের একটি গ্রুপে গত ২৬ জুন অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে তিনি অংশ নেন।

ময়মনসিংহ অফিস
কল্যাণাংশু নাহা
কল্যাণাংশু নাহা |সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথে ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বক্তব্য দেয়ার অভিযোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক কল্যাণাংশু নাহাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, মেসেজিং অ্যাপ টেলিগ্রামের ‘বাংলাদেশ ইউনিভার্সিটি প্রোগ্রেসিভ টিচার্স সোসাইটি’ নামের একটি গ্রুপে গত ২৬ জুন অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে তিনি অংশ নেন। ওই বৈঠকে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতারাও যুক্ত ছিলেন বলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খন্দকার নাজমুল হাসানের স্বাক্ষরিত বরখাস্তপত্রে বলা হয়, বৈঠকে কল্যাণাংশু নাহা নিজ রাজনৈতিক আদর্শের সরকার প্রতিষ্ঠার করণীয় তুলে ধরেন এবং বর্তমান নির্বাচিত সরকারকে উৎখাতের পরিকল্পনা সম্পর্কেও বক্তব্য দেন। এসব কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের চাকরি বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন হওয়ায় তদন্তের স্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) জারি হওয়া ওই আদেশের বিষয়টি শনিবার প্রকাশ্যে আসে।

এদিকে, অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে কল্যাণাংশু নাহার মোবাইফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

উল্লেখ্য, অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত শুরু করেছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।