চবিতে শিক্ষক নিয়োগে ২ প্রার্থীর ডোপ টেস্ট পজিটিভ

বিশ্ববিদ্যালয়ের চিফ মেডিক্যাল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ আবু তৈয়ব বিষয়টি নিশ্চিত করেছেন।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Chattogram
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় |সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নাট্যকলা বিভাগে শিক্ষক নিয়োগে চূড়ান্ত পর্যায়ে থাকা দুই প্রার্থীর ডোপ টেস্টে মাদকের উপস্থিতি পাওয়া গেছে। ডোপ টেস্টে পজিটিভ আসা প্রার্থীরা হলেন গোলাম রাব্বানী ও ড. ইমরুল আসাদ।

আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের চিফ মেডিক্যাল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ আবু তৈয়ব বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৪ আগস্ট তাদের ডোপ টেস্ট করানো হয় এবং উভয়ের ফল পজিটিভ আসে। পরীক্ষায় গাঁজা জাতীয় মাদকের উপস্থিতি শনাক্ত হয়েছে।

সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই চবির নাট্যকলা বিভাগে শিক্ষক নিয়োগের জন্য লিখিত, প্রেজেন্টেশন ও মৌখিক পরীক্ষা নেয়া হয়। এই তিন ধাপ সফলভাবে সম্পন্ন করার পর চূড়ান্ত ধাপে ওই দুই প্রার্থীর ডোপ টেস্ট করা হয়। এতে তারা উত্তীর্ণ হতে ব্যর্থ হন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা কিংবা কর্মচারী সবার নিয়োগ প্রক্রিয়ায় ডোপ টেস্ট বাধ্যতামূলক। ডোপ টেস্টে কেউ পজিটিভ হলে, তাকে কোনোভাবেই নিয়োগ দেয়া হবে না।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে আরো জানা গেছে, নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও মান বজায় রাখতেই এ ধরনের কঠোর নীতি অনুসরণ করা হচ্ছে। সূত্র : বাসস