রংপুরে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ব্যাবস্থাপনা বিভাগের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনা নিয়ে দু’বিভাগের শিক্ষাথীদের মধ্যে ধাওয়া ও পালটা ধাওয়া অন্তত আহত হয়েছেন পাঁচজন।
বৃহস্পতিবার (১০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ফেরদৌস আহমেদ জানান, ‘রাত সাড়ে ১০টার দিকে ক্যাম্পাসের সামনে সরদারপাড়ায় আপন লেডিস হোস্টেলের ৪০৪ নম্বর রুমে ঝুলন্ত লাশের খবর পেয়ে সেখানে পুলিশসহ অভিযান চালাই। প্রক্টরিয়াল বডি, শিক্ষক, হোস্টেল মালিকের উপস্থিতিতে পুলিশ তালা ভেঙে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় জান্নাতুল ফেরদৌস টুম্পা নামে এক ছাত্রীর লাশ উদ্ধার করে। সে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বলে জানা গেছে।
ঘটনাস্থলে উপস্থিত ইতিহাস বিভাগের শিক্ষক মো: ইউসুফ জানান, ‘লাশ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। ইতোমধ্যে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষার্থী ফেসবুকে এ ঘটনা ছবিসহ পোস্ট দিলে ওই বিভাগের শিক্ষার্থীদের সাথে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষাথীদের মধ্যে ধাওয়া ও পালটা ধাওয়া হয়। এতে বেশ কয়েকজন আহত হন। পরে সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হলে রাত দেড়টায় দু’পক্ষকে নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
প্রক্টর আরো জানান, ‘লাশ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের লোকজনকে খবর দেয়া হয়েছে। তারা এলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।’
তাজহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত জানান, ওই শিক্ষাথীর ল্যাপটপ ও মোবাইল জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে কোনো চিরকুট পাওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্তে ওই শিক্ষার্থী মানসিকভসবে ডিপ্রেস ছিলেন বলে জানা গেছে।



