নোয়াখালী অফিস
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘মেঘনা অববাহিকায় ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে জলবায়ু সহিষ্ণু কৃষি: গবেষণা ও উদ্ভাবন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী।
প্রধান অতিথির বক্তব্যে ভিসি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে খাদ্য নিরাপত্তা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ঝড়, বন্যা, খরা ও নদীভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যার সবচেয়ে বেশি প্রভাব পড়ছে উপকূলীয় অঞ্চলে। ভবিষ্যতের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এখনই জলবায়ু সহিষ্ণু ফসল নির্বাচন এবং আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। তিনি বলেন, শুধু প্রচলিত কৃষি পদ্ধতির ওপর নির্ভর না করে জলবায়ু সহনশীল ও উদ্ভাবনী কৃষি প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব দিতে হবে।
পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান এবং ‘মেঘনা অববাহিকার নিম্নাঞ্চলের ফসলের বৃদ্ধি ও উৎপাদনের ওপর জলবায়ুর প্রভাব নিরূপণ এবং ভবিষ্যতের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে জলবায়ু সহিষ্ণু ফসল নির্বাচন’ প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন।
সেমিনারে মুখ্য আলোচক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. আবদুল্লাহ হারুন চৌধুরী এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক।
এ ছাড়া আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক কনভেনশন শাখার পরিচালক মির্জা শওকত আলী, নোবিপ্রবির কৃষি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী মো. মহসিন এবং নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক শওকত আরা কলি।
সেমিনারে প্রকল্পের সারসংক্ষেপ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান। তিনি জানান, সেমিনারে জলবায়ু পরিবর্তনের বাস্তবতা ও এর প্রভাব, কৃষিতে অভিযোজন (অ্যাডাপটেশন) ও প্রশমন (মিটিগেশন) কৌশল, মেঘনা অববাহিকার নিম্নাঞ্চলে সয়াবিন ও বার্লি চাষের সম্ভাবনা এবং জলবায়ু সহিষ্ণু আধুনিক কৃষি ব্যবস্থা উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।



