বেরোবিতে প্রকৃত ব্যয় নিয়ে নথি বলছে ভিন্ন কথা

ভিসির বাংলোর পুকুর নিয়ে ছড়ানো তথ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

Location :

Rangpur
ব্যয়ের নথি
ব্যয়ের নথি |নয়া দিগন্ত

বেরোবি প্রতিনিধি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ভাইস চ্যান্সেলরের (ভিসি) বাংলোর পুকুরের মাছ ও প্রাণীর খাদ্য বাবদ ২০২৪-২৫ অর্থবছরে ‘এক লাখ ৫০ হাজার টাকা ব্যয় দেখানো হয়েছে’ মর্মে সম্প্রতি একটি সংবাদ প্রকাশিত হয়। তবে বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখার প্রকৃত নথি পর্যালোচনা করে দেখা যায়, প্রতিবেদনে উপস্থাপিত এই তথ্য সঠিক নয় এবং তা বিভ্রান্তিকর।

নথি যা বলছে বিশ্ববিদ্যালয়ের ‘৩২৫১১০৬ - মাছ ও প্রাণী খাদ্য’ খাতের (২০২৪ জুলাই ১ - ২০২৫ জুন ৩০ অর্থবছর) সরকারি হিসাব বিবরণী অনুযায়ী : এই খাতে মোট বরাদ্দ ছিল ১,৫০,০০০ টাকা —অর্থাৎ এটি ছিল সর্বোচ্চ ব্যয়সীমা, প্রকৃত ব্যয় নয়। অর্থবছর জুড়ে প্রকৃতপক্ষে ব্যয় হয়েছে মাত্র ২৮,৪৫০ টাকা।(চারটি ভাউচারের মাধ্যমে— ৩০ জুলাই ২০২৪, ৪ মার্চ ২০২৫, ৪ মে ২০২৫ ও ১৫ মে ২০২৫ তারিখে) অর্থবছর শেষে অব্যয়িত বাজেট ছিল ১,২১,৫৫০ টাকা, যা মোট বরাদ্দের প্রায় ৮১ শতাংশ।

অর্থাৎ প্রকাশিত সংবাদে ‘বরাদ্দ’ ও ‘ব্যয়’কে একই অর্থে উপস্থাপন করা হয়েছে, যা তথ্যগতভাবে ভুল। বাস্তবে পুরো ১,৫০,০০০ টাকা ব্যয় হয়নি।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট জানায়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্যের বাংলোর পুকুর নিয়ে যে তথ্য ছড়ানো হয়েছে তা সঠিক নয়।

উল্লেখ্য ভিসির বাংলোর পুকুর নিয়ে ছড়ানো তথ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।