জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ১২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

ভুক্তভোগী শিক্ষার্থীদের মৌখিক অভিযোগের পর প্রক্টরিয়াল টিম অভিযান চালিয়ে ১২ অভিযুক্তকে আটক করে। পরে ভুক্তভোগীরা প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন এবং অভিযুক্তরাও লিখিতভাবে র‍্যাগিংয়ের বিষয়টি স্বীকার করেন।

জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ইতিহাস বিভাগের ৫৫তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগে একই বিভাগের ৫৪তম ব্যাচের ১২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে জাবি প্রশাসন।

শনিবার (৪ জুলাই) রাতে জাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদেরকে বহিষ্কার করা হয়।

আদেশে বলা হয়, গত ৩ জুলাই দিবাগত রাত ১১টা থেকে ২টা পর্যন্ত ইতিহাস বিভাগের ৫৪তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থী একই বিভাগের ৫৫তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের ম্যানার শেখানোর নামে র‍্যাগিং করেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮-এর ৫(ঙ) ধারা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।

অধ্যাদেশের ওই ধারায় বলা হয়েছে, ‘বিশ্ববিদ্যালয়ের হল, বিভাগ কিংবা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যে কোনো জায়গায় টিজ, র‍্যাগিং বা নির্যাতনমূলক কাজে অংশগ্রহণ করা যাবে না’।

সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন সুভাশীষ রায় প্রান্ত, নাছিম উদ্দিন মজুমদার, মো: আবু আবতাহী অনিক, নাঈমুল হাসান, আব্দুল্লাহ মাহদী, ইসফাক হাদী, মো: রায়হান খান, কাজী শাহ জামসেদ আলম নাবিল, সাইফুল্লাহ মানসুর আনান, মো: মাহফুজুর রহমান অন্ত, কার্তিক চন্দ্র রায় ও নাঈম আহমেদ সজিব।

ভুক্তভোগী শিক্ষার্থীদের মৌখিক অভিযোগের পর প্রক্টরিয়াল টিম অভিযান চালিয়ে ১২ অভিযুক্তকে আটক করে। পরে ভুক্তভোগীরা প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন এবং অভিযুক্তরাও লিখিতভাবে র‍্যাগিংয়ের বিষয়টি স্বীকার করেন।