আন্তঃশিক্ষা বোর্ড

এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি থাকলে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেয়া হবে

কমিটি বলছে, পর্যালোচনায় পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নে কোনো ত্রুটি প্রমাণিত হলে পরীক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণ করে প্রয়োজনে ওই দুইটি প্রশ্নের জন্য ‘পূর্ণ নম্বর’ দেয়া হবে।

নয়া দিগন্ত অনলাইন
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি |সংগৃহীত

আজ সোমবার অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সৃজনশীল অংশের দুইটি প্রশ্ন সম্পর্কে বিভিন্ন মাধ্যমে উত্থাপিত বিষয় সম্পর্কে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

কমিটি বলছে, পর্যালোচনায় পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নে কোনো ত্রুটি প্রমাণিত হলে পরীক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণ করে প্রয়োজনে ওই দুইটি প্রশ্নের জন্য ‘পূর্ণ নম্বর’ দেয়া হবে।

সোমবার (১৩ জুলাই) রাতে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পদার্থবিজ্ঞান পরীক্ষার সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্ন সম্পর্কে বিভিন্ন মাধ্যমে উত্থাপিত বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ড অবগত রয়েছে। বোর্ড কর্তৃপক্ষ এ বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সাথে পর্যালোচনা শুরু করেছে।

পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি স্পষ্ট করেছে, পর্যালোচনায় যদি সংশ্লিষ্ট কোনো প্রশ্নে ত্রুটি বা অসঙ্গতি প্রমাণিত হয়, তবে প্রচলিত পরীক্ষা মূল্যায়ন নীতিমালা অনুযায়ী পরীক্ষার্থীদের স্বার্থ সম্পূর্ণভাবে সংরক্ষণ করা হবে। শিক্ষার্থীরা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রয়োজনে ওই প্রশ্ন দুইটির জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেয়া হবে।

এ বিষয়ে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্যে উদ্বিগ্ন না হতে পরীক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।

সূত্র : বাসস