টিএসসিতে ২ নারীকে লাঞ্ছনা : ঢাবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

গত ২৪ ফেব্রুয়ারি ভোররাতে দুইজন ব্যক্তি ওই দুই নারীকে লাঞ্ছিত করার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল।

নয়া দিগন্ত অনলাইন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় দুই নারীকে লাঞ্ছিত করার ঘটনার সাথে সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়ায় তদন্ত কমিটির সুপারিশে তিন শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

গত ২৪ ফেব্রুয়ারি ভোররাতে দুইজন ব্যক্তি ওই দুই নারীকে লাঞ্ছিত করার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডারে প্রদত্ত ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ তাদের বহিষ্কার করেন।

মঙ্গলবার (১০ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এ তথ্য জানান।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শাহরিয়ার ইসলাম তুষার, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের রাকিব আহমেদ এবং নৃবিজ্ঞান বিভাগের শাহরিয়ার তানজিল।