শাবিপ্রবিতে ইলেকশন ল্যাবের সেমিনারে বক্তারা

জুলাই ছাত্র-গনঅভ্যুত্থান ‘বুদ্ধিজীবীদের’ খপ্পরে পড়ে পথভ্রষ্ট হয়েছে

Location :

Sylhet
শাবিপ্রবিতে ইলেকশন ল্যাবের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে অতিথিরা
শাবিপ্রবিতে ইলেকশন ল্যাবের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে অতিথিরা |সংগৃহীত

শাবিপ্রবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘দক্ষিণ এশিয়ায় জেন-জি’র নির্বাচনী রাজনীতি: নেপাল ও বাংলাদেশে তরুণদের ভিন্নধর্মী ফলাফল’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা দক্ষিণ এশিয়ার রাজনৈতিক প্রেক্ষাপটে তরুণ প্রজন্মের ভূমিকা ও তাদের অংশগ্রহণ নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনায় উল্লেখ করেন, জুলাই ছাত্র-গনঅভ্যুত্থান তথাকথিত বুদ্ধিজীবীদের খপ্পরে পড়ে পথভ্রষ্ট হয়েছে।।

মঙ্গলবার (৫ মে) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সম্মেলনকক্ষে গবেষণা উদ্যোগ ‘ইলেকশন ল্যাব’ -এর আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এস. এম. আলী রেজা। সভাপতিত্ব করেন বিভাগের প্রধান অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন ইলেকশন ল্যাবের পরিচালক অধ্যাপক ড. মো. সাহাবুল হক এবং স্বাগত বক্তব্য দেন উপ-পরিচালক অধ্যাপক ড. জায়েদা শারমিন। এছাড়া বক্তব্য রাখেন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও সহযোগী অধ্যাপক ড. মো. এমদাদুল হক।

প্রধান অতিথির বক্তব্যে ড. এস. এম. আলী রেজা বলেন, নেপালে জেন-জি প্রজন্মের লক্ষ্য সুস্পষ্ট ছিল, যা বাংলাদেশের ক্ষেত্রে অনুপস্থিত ছিল। তিনি বলেন, ৫ আগস্টের নেতৃত্ব ও পরবর্তী ঘটনাপ্রবাহ বিভিন্ন বিতর্কের জন্ম দেয়, যা জনমনে হতাশা তৈরি করে এবং নির্বাচনী প্রক্রিয়ায় এর প্রভাব পড়ে। তিনি বাংলাদেশের জনগণকে ‘দ্বিধাগ্রস্ত গণতন্ত্রী’ হিসেবেও উল্লেখ করেন।

অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, অন্তর্বর্তীকালীন সরকার তৎকালীন প্রেক্ষাপটে অগ্রাধিকার নির্ধারণে ব্যর্থ হয়েছিল। উপদেষ্টাদের মধ্যে রাজনৈতিক অভিপ্রায়ের উপস্থিতি রাজনৈতিক দলগুলোর মধ্যে উদ্বেগ সৃষ্টি করে। তিনি জেন-জি আন্দোলন থেকে উঠে আসা রাজনৈতিক দল ‘এনসিপি’-এর কৌশল নিয়েও প্রশ্ন তোলেন।

ইলেকশন ল্যাবের পরিচালক অধ্যাপক ড. মো. সাহাবুল হক বলেন, “জুলাই ছাত্র-গণঅভ্যুত্থান তথাকথিত বুদ্ধিজীবীদের খপ্পরে পড়ে পথভ্রষ্ট হয়েছে।” তিনি দাবি করেন, সংশ্লিষ্টদের কেউ কেউ অন্তর্বর্তীকালীন সরকারে যোগ দিয়েছেন এবং কেউ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়েছেন, যা আন্দোলনের মূল উদ্দেশ্যকে প্রভাবিত করেছে।

তিনি আরো বলেন, নেপালে জেন-জি প্রজন্ম সুস্পষ্ট লক্ষ্য নিয়ে এগোনোর ফলে তারা জনগণের ম্যান্ডেট অর্জনে সফল হয়েছে।

সেমিনারে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী রাকিব মিয়া এ বিষয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন।

বক্তারা সামগ্রিকভাবে নেপাল ও বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে তরুণদের অংশগ্রহণ, তাদের রাজনৈতিক মনস্তত্ত্ব এবং এর ফলে সৃষ্ট ভিন্নধর্মী রাজনৈতিক ফলাফল নিয়ে তাত্ত্বিক আলোচনা তুলে ধরেন।

অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।