সাহসী সাংবাদিক সম্মাননা পেয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও নয়া দিগন্তের ক্যাম্পাস প্রতিনিধি সিয়াম। জুলাই গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত পেশাগত দায়িত্ব পালনে সাহসী ও ইতিবাচক ভূমিকা পালনের জন্য সারাদেশের ১৯৬ জন সাংবাদিককে এই স্বীকৃতি ও সম্মাননা দিয়েছে তথ্য প্রচার মন্ত্রণালয়ের বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।
রোববার (৩ আগস্ট) বিকেলে তথ্য ভবনের হল রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা প্রদান করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাউসার আহম্মেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।
এই বিষয়ে নয়া দিগন্তের সাংবাদিক সিয়াম বলেন, ‘সাহসী সাংবাদিকতার জন্য সম্মাননা পাওয়া আমার জন্য এক গর্বের ও অনুপ্রেরণার মুহূর্ত। এটি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, বরং সত্য ও ন্যায়ের পক্ষে নিবেদিত প্রতিটি সংবাদকর্মীর প্রতি সমাজের স্বীকৃতি। এই পুরস্কার আমাকে আরো দায়বদ্ধ করেছে নির্ভীকভাবে মানুষের পক্ষে কথা বলার এবং সাংবাদিকতার নীতিকে অটলভাবে ধারণ করার। আমি এই সম্মাননা উৎসর্গ করছি তাদের, যারা ভয় ও বাধা উপেক্ষা করে সত্য প্রকাশে দৃঢ় থাকেন।’
উল্লেখ্য, সিয়াম জুলাই আন্দোলনে আবু সাঈদকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হন।



