বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদের নেতৃত্বে ১৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শিগগিরই পাকিস্তান সফরে যাচ্ছেন।
মঙ্গলবার (৫ মে) ইউজিসি ভবনে পাকিস্তান হাইকমিশনের একটি প্রতিনিধিদল ইউজিসি চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এলে এ তথ্য জানানো হয়।
ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার তিন সদস্যের এ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন ডেপুটি হাইকমিশনার মুহাম্মদ ওয়াসিফ এবং কাউন্সিলর কামরান দাঙ্গাল।
বৈঠকে পাকিস্তান হাই কমিশনার ইমরান হায়দার জানান, আসন্ন এ সফরে প্রতিনিধিদলটি পাকিস্তানের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করবে এবং শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবে। বিশেষ করে পাকিস্তানের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) ‘উচ্চশিক্ষা কমিশন’-এ রূপান্তরের ফলে দেশটির উচ্চশিক্ষা ব্যবস্থায় যে পরিবর্তন ও বৈপ্লবিক উন্নতি এসেছে, তা সরেজমিনে পর্যালোচনার সুযোগ পাবেন বাংলাদেশের প্রতিনিধিরা।
ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ এ সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিহিত করে বলেন, ‘পাকিস্তানের উচ্চশিক্ষা ও গবেষণা খাতে অর্জিত অভিজ্ঞতা প্রত্যক্ষভাবে অনুধাবনের মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান উচ্চশিক্ষা ও গবেষণায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।’
তিনি আরো বলেন, বাংলাদেশ সরকার ও ইউজিসি উচ্চশিক্ষা প্রদানের ক্ষেত্রে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে আলাদাভাবে বিবেচনা করে না। বর্তমানে দেশে উচ্চশিক্ষার সংখ্যাগত অগ্রগতি অর্জিত হয়েছে, এখন লক্ষ্য হচ্ছে শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ ও গবেষণায় উৎকর্ষ সাধন।
পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার জানান, চিকিৎসা, প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, কৃষি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উদীয়মান প্রযুক্তি ক্ষেত্রে পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলো বৈশ্বিক মানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। দেশটির পাবলিক ও প্রাইভেট উভয় খাতের বেশ কিছু বিশ্ববিদ্যালয় বর্তমানে গবেষণায় অগ্রণী ভূমিকা পালন করছে।
সাক্ষাৎ অনুষ্ঠানে ইউজিসির সদস্য প্রফেসর ড. মো: সাইদুর রহমান ও প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, কমিশনের সচিব ড. মো: ফখরুল ইসলাম এবং আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক জেসমিন পারভিন উপস্থিত ছিলেন। বাসস



