আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষার্থীরা বিভিন্ন বিভাগীয় শহরে বিশেষ বাস সার্ভিস চালুর দাবি জানিয়েছেন। দূর-দূরান্ত থেকে আগত শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে অন্তত বিভাগীয় শহরগুলোতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পরিবহন সুবিধা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
শিক্ষার্থীদের দাবি, ঈদের সময় ট্রেন ও বাসে অতিরিক্ত ভিড়, টিকিট সঙ্কট এবং ভাড়া বৃদ্ধি শিক্ষার্থীদের জন্য বড় ধরনের দুর্ভোগ তৈরি করে। বিশেষ করে ঢাকাসহ চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগের শিক্ষার্থীরা নিরাপদ ও স্বল্প খরচে বাড়ি ফেরার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা প্রত্যাশা করছেন।
বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানান, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ঈদ উপলক্ষে বিশেষ পরিবহন সুবিধা চালুর নজির রয়েছে। পাবিপ্রবিতেও অন্তত বিভাগীয় শহরগুলোতে বাস সার্ভিস চালু করা হলে শিক্ষার্থীদের দুর্ভোগ অনেকাংশে কমবে।
শিক্ষার্থীরা আরো বলেন, নবনিযুক্ত ভিসির নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছে। ঈদ উপলক্ষে শিক্ষার্থীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু করা হলে সেটি একটি মানবিক ও দৃষ্টান্তমূলক উদ্যোগ হিসেবে বিবেচিত হবে।
চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইমন হাসান বলেন, ‘করোনা পরিস্থিতির সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের জন্য বিশেষ বাসের ব্যবস্থা করেছিল বলে শুনেছি। এবার ঈদেও এমন উদ্যোগ নিলে শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে।’
শিক্ষার্থীদের মতে, নিরাপদ যাতায়াত নিশ্চিত করা শুধু একটি পরিবহন সুবিধা নয়, বরং এটি শিক্ষার্থীবান্ধব প্রশাসনের প্রতিফলন। তাই দ্রুত এ বিষয়ে প্রশাসনের ইতিবাচক সিদ্ধান্ত প্রত্যাশা করছেন তারা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীদের এই দাবি সামাজিক যোগাযোগমাধ্যমেও ইতোমধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।



