ডাকসু নেতা ও সাংবাদিকদের ওপর হামলা : জড়িতদের তালিকা ভিসিকে হস্তান্তর

বহিষ্কারসহ ৬ দফা দাবি

তালিকা হস্তান্তরের সময় ডাকসু নেতারা প্রশাসনের কাছে হামলায় জড়িতদের অবিলম্বে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করাসহ ছয়টি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করেন।

নয়া দিগন্ত অনলাইন
অভিযুক্তদের তালিকা-প্রমাণসহ জমা দেন ডাকসু ভিপি সাদিক কায়েমসহ অন্যরা
অভিযুক্তদের তালিকা-প্রমাণসহ জমা দেন ডাকসু ভিপি সাদিক কায়েমসহ অন্যরা |নয়া দিগন্ত

রাজধানীর শাহবাগ থানার ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নেতা এবং সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলায় জড়িতদের চিহ্নিত করে অভিযুক্তদের তালিকা-প্রমাণসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) ভিসি, প্রো-ভিসি, কোষাধ্যক্ষ এবং সকল হলের প্রাধ্যক্ষদের (প্রোভোস্ট) উপস্থিতিতে এ তালিকা জমা দেন ডাকসু ভিপি সাদিক কায়েমসহ অন্যরা।

তালিকা হস্তান্তরের সময় ডাকসু নেতারা প্রশাসনের কাছে ছয়টি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করেন।

দাবিগুলো হলো :

১. হামলায় জড়িতদের অবিলম্বে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করা।

২. বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়ের করা।

৩. হামলায় আহত শিক্ষার্থীদের সম্পূর্ণ চিকিৎসা ব্যয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বহন করা।

৪. ক্যাম্পাস সাংবাদিকদের সংবাদ সংগ্রহ ও তথ্য প্রকাশের স্বাধীনতা রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে সুস্পষ্ট ও কঠোর অবস্থান নিশ্চিত করা।

৫. ক্যাম্পাসে রাজনৈতিক সহাবস্থান ফেরাতে একটি অন্তর্ভুক্তিমূলক ‘রাজনৈতিক আচরণবিধি’ (Code of Conduct) প্রণয়ন ও তার কার্যকর বাস্তবায়ন।

৬. সাধারণ শিক্ষার্থীদের জানমালের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ।