গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) প্রো-ভিসি নিয়োগে বহিরাগত কাউকে না এনে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ যোগ্য, সিনিয়র ও অভিজ্ঞ শিক্ষকদের মধ্য থেকে নিয়োগ দেয়ার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। একইসাথে অন্তর্বর্তী সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত বর্তমান প্রো-ভিসি প্রফেসর ড. এম ময়নুল হকের নিয়োগ বাতিলের আহ্বান জানানো হয়েছে।
শনিবার (৯ মে) গণমাধ্যমে পাঠানো গাকৃবি শিক্ষক সমিতির এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিবৃতিতে স্বাক্ষর করেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম।
বিবৃতিতে বলা হয়, কৃষি ক্ষেত্রে উচ্চশিক্ষা, গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। তবে ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার যথাযথ যাচাই-বাছাই ছাড়াই প্রফেসর ড. এম ময়নুল হককে প্রো-ভিসি হিসেবে নিয়োগ দেয় বলে দাবি করেছে শিক্ষক সমিতি।
শিক্ষক নেতারা বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তন এসেছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। এমন প্রেক্ষাপটে বর্তমান প্রো-ভিসির পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, যোগ্য ও অভিজ্ঞ কোনো অধ্যাপককে এ পদে নিয়োগ দেয়া হবে- এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের মধ্যে রয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, গাকৃবিতে দীর্ঘদিন ধরে কর্মরত একাধিক সিনিয়র অধ্যাপক রয়েছেন, যারা প্রশাসনিক দায়িত্ব পালনে সক্ষম ও অভিজ্ঞ। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নিয়োগের ক্ষেত্রে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যোগ্য প্রার্থীদের অভিজ্ঞতা, অবদান ও গ্রহণযোগ্যতাকে গুরুত্ব দেয়া হলে তা শিক্ষক সমাজের মধ্যে ইতিবাচক বার্তা দেবে।
শিক্ষক সমিতি আশঙ্কা প্রকাশ করে বলেছে, অন্য কোনো বিশ্ববিদ্যালয় থেকে বহিরাগত শিক্ষককে প্রো-ভিসি হিসেবে নিয়োগ দেয়া হলে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হতে পারে, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক সাফল্যের কথাও তুলে ধরা হয়। এতে বলা হয়, শিক্ষা, গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে অবদানের স্বীকৃতি হিসেবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে কৃতিত্বপূর্ণ অবস্থান অর্জন করেছে। একইসাথে বিশ্ববিদ্যালয়টি এ পর্যন্ত ৯৭টি উচ্চ ফলনশীল ফসলের জাত এবং ১৬টি প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে দেশের কৃষি খাতে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে।
বিশ্ববিদ্যালয়ের সুনাম, অ্যাকাডেমিক পরিবেশ ও গবেষণা কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষার স্বার্থে বর্তমান প্রো-ভিসির নিয়োগ বাতিল করে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ যোগ্য কোনো অধ্যাপককে প্রো-ভিসি হিসেবে নিয়োগ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে গাকৃবি শিক্ষক সমিতি।
উল্লেখ্য, শিক্ষক সমিতির বিবৃতিতে বর্তমান প্রো-ভিসি প্রফেসর ড. এম ময়নুল হককে ‘আওয়ামীপন্থী’ ও ‘ফ্যাসিস্ট সরকারের দোসর’ বলে অভিযোগ করা হয়েছে এবং তার নিয়োগ বাতিলের দাবি জানানো হয়েছে। এ অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানা যায়নি।



