সাম্য হত্যা: ঢাবির তদন্ত কমিটির প্রতিবেদন জমা

সোমবার (২৬ মে) সকালে ভিসির ভবনে এ প্রতিবেদন জমা দেয়া হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ভিসির ভবনে প্রতিবেদন জমা দিচ্ছেন তদন্ত কমিটি
ভিসির ভবনে প্রতিবেদন জমা দিচ্ছেন তদন্ত কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় করা তদন্ত কমিটির প্রতিবেদন বিশ্বিবিদ্যালয়ের ভিসি অধ্যাপক নিয়াজ আহমদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২৬ মে) সকালে ভিসির ভবনে এ প্রতিবেদন জমা দেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে জানানো হয়েছে, তদন্ত কমিটির আহ্বায়ক কলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান প্রতিবেদনটি ভিসির হাতে জমা দেন। এ সময় প্রক্টর সাইফুদ্দীন আহমদ এবং কমিটির সদস্য সচিব সহকারী প্রক্টর শারমীন কবির উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিবেদন পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

প্রক্টর সাইফুদ্দীন আহমদ জানান, ‘ভিসি সোমবার প্রতিবেদনটি গ্রহণ করেছেন। আগামীকাল মঙ্গলবার সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।’

হত্যার ঘটনায় নিহতের বড় ভাই শরীফুল ইসলাম গত ১৪ মে শাহবাগ থানায় একটি মামলা করেন। ওই মামলায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর জানিয়েছেন মামলাটি ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

সাম্য হত্যার ঘটনা তদন্তে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। পরে ব্যারিস্টার নুরুল আজিমকে কমিটিতে কো-অপট করা হয়।

উল্লেখ্য, গত ১৩ মে রাতে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে আহত হন শাহরিয়ার আলম সাম্য। রাত ১২টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন।