শাবিপ্রবি প্রতিনিধি
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল।
বৃহস্পতিবার (১৪ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব এ.এস.এম. কাসেম সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) আইন ২০০৩-এর ১০ (১) ধারা অনুসারে ড. মোহাম্মদ ইকবাল, অধ্যাপক, ইন্ডাস্ট্রিয়াল ও প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ভাইস-চ্যান্সেলর, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, সিলেট-কে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ প্রদান করা হলো।
এতে আরো বলা হয়, ভাইস-চ্যান্সেলর পদে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে যা পূর্বে ঘটে সেই সময় পর্যন্ত হবে। ওই পদে তিনি তার মূল পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন। তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।
ডুয়েটের ভিসি হিসেবে নিয়োগ পেয়ে নিজের অনুভূতি জানিয়ে অধ্যাপক ড. ইকবাল বলেন, মহামান্য রাষ্ট্রপতি আমার উপর যে মহান দায়িত্ব দিয়েছেন তাতে আমি কৃতজ্ঞ। আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে নিজের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি ডুয়েটের শিক্ষা, গবেষণা ও উন্নয়নের জন্য কাজ করতে চাই। এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন তিনি
এদিকে বৃহস্পতিবার (১৪ মে) বিকালে নতুন কর্মস্থলে যোগদান করবেন বলে জানিয়েছেন অধ্যাপক ড. ইকবাল। এর আগে নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের ভিসে হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন ইঞ্জিনিয়ার অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল।
প্রসঙ্গত, অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল শাবিপ্রবিতে প্রভোস্ট, সিন্ডিকেট সদস্য, ভর্তি কমিটির সদস্য সচিব, বিভাগীয় প্রধান ও বিভাগের ছাত্র উপদেষ্টা, সাস্ট রিসার্চ ইথিক্স বোর্ডের পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।



