গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) প্রো-ভাইস চ্যান্সেলর নিয়োগ নিয়ে বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বিবৃতিতে বর্তমান প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম ময়নুল হককে অপসারণ করে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কোনো যোগ্য ও অভিজ্ঞ শিক্ষককে এ পদে নিয়োগ দেয়ার আহ্বান জানানো হয়েছে।
রোববার (১০ মে) এই বিবৃতি দেয় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
বিবৃতিতে বলা হয়, কৃষি শিক্ষা, গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে ইতোমধ্যে স্বীকৃতি অর্জন করেছে। বিভিন্ন আন্তর্জাতিক র্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়টি দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ধারাবাহিকভাবে শীর্ষস্থান ধরে রেখেছে।
শিক্ষক সমিতির দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার যথাযথ যাচাই-বাছাই ছাড়াই প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. এম ময়নুল হককে নিয়োগ দেয়। তারা অভিযোগ করেন, তিনি আওয়ামী লীগপন্থী শিক্ষক রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।
বিবৃতিতে আরো বলা হয়, সাম্প্রতিক জাতীয় নির্বাচনের পর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে। তারা আশা করছেন, বর্তমান সরকার বিশ্ববিদ্যালয়ের স্বার্থ বিবেচনায় নিয়ে যোগ্য ও অভিজ্ঞ অভ্যন্তরীণ কোনো শিক্ষককে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেবে।
শিক্ষক সমিতি মনে করে, বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নিয়োগের ক্ষেত্রে প্রতিষ্ঠানের নিজস্ব শিক্ষকদের অভিজ্ঞতা ও অবদানকে অগ্রাধিকার দেয়া উচিত। অন্য কোনো বিশ্ববিদ্যালয় থেকে বহিরাগত কাউকে এ পদে নিয়োগ দেয়া হলে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হতে পারে, যা শিক্ষা ও গবেষণা কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলবে।
বিবৃতিতে গাকৃবির বিভিন্ন সাফল্যের চিত্র তুলে ধরে বলা হয়, বিশ্ববিদ্যালয়টি এ পর্যন্ত ৯৭টি উচ্চ ফলনশীল ফসলের জাত ও ১৬টি প্রযুক্তি উদ্ভাবন করেছে। এছাড়া টাইমস হায়ার অ্যাডুকেশন (THE), কিউএস (QS) ও ডব্লিউইউআরআই (WURI) র্যাং কিংয়ে কৃতিত্বপূর্ণ অবস্থান অর্জন করেছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ বজায় রাখতে বর্তমান প্রো-ভাইস চ্যান্সেলরের নিয়োগ বাতিল করে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী কোনো যোগ্য অধ্যাপককে এ পদে নিয়োগ দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে শিক্ষক সমিতি।



