রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেছেন, ‘গত দেড় দশক ধরে আমরা কথা বলতে না দেয়ার সংস্কৃতি দেখেছি। কর্তৃত্ববাদী সরকারকে সরানো সম্ভব হচ্ছিলো না। তবে ছাত্র-জনতার আন্দোলনের বীরত্বের মধ্য দিয়ে আমরা বিজয় অর্জন করেছি। দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সমাজ গড়তে জুলাই আন্দোলনের যে চেতনা ও উদ্দেশ্য ছিল তা ধারণ করতে হবে।’
মঙ্গলবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের হল রুমে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেন, ‘আন্দোলন হলেই বিজয় আসে না। ফ্রান্স বিপ্লবের নেতা নেপোলিয়ান বোনাপাট বলেছিলেন, খারাপ মানুষদের জন্য পৃথিবীকে যতটা না ভুগতে হয়েছে তার চাইতে বেশি ভুগতে হয়েছে যারা অন্যায় দেখেও চুপ থেকেছে। খারাপ কোনো শাসকগোষ্ঠী যখন কোনো দেশের ওপর চেপে বসে, তারা যখন অন্যায় নিপীড়ন চালাতে থাকেন তাদের কারণের চাইতে আমরা যাদের ভালো মানুষ বলে মনে করি তারা প্রতিবাদী না হয়ে ওঠার কারণে নিপীড়করা আরো বেপরোয়া হয়ে ওঠে।’
এর আগে বেলা সাড়ে ১০টার দিকে ভিসি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে ‘জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ’ শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে জুলাই আন্দোলনের আলোকচিত্র প্রদর্শনী ও ২৪ জুলাই গণহত্যাবিষয়ক তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে সভায় প্রধান অতিথির বক্তব্যের শুরুতে ভিসি জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনাসহ আন্দোলনে আহত ও অংশগ্রহণকারীদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ’ আয়োজক কমিটির সভাপতি ও ছাত্র কল্যাণ দফতরের পরিচালক অধ্যাপক ড. মো: রবিউল ইসলাম সরকার। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো: নুরুল ইসলাম, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. বশির আহমেদ, ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আব্দুল কাদের জিলানী ও পরিকল্পনা ও উন্নয়ন দফতরের পরিচালক অধ্যাপক ড. এইচ এম রাসেল।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরীসহ বিভিন্ন অনুষদের ডিন, সকল পরিচালক, বিভাগীয় প্রধান, দফতর ও শাখা প্রধানসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৭ জুলাই) অনুষ্ঠানের দ্বিতীয় দিনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে- বেলা ১১টায় পবিত্র কোরআন তেলওয়াত, সোয়া ১১টায় জুলাই ২৪ গণঅভ্যুত্থানের স্মরণে অতিথিবৃন্দ, শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীদের স্মৃতিচারণ (জুলাই গল্প বলা) ও জুলাই ২৪-এ আহত যোদ্ধাদের শিক্ষা সহায়তা প্রদান।



