নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বর্ণাঢ্য বৈশাখী র্যালিসহ নানা কর্মসূচিতে বাংলা নববর্ষ ১৪৩৩ পালিত হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে শুরু হয়ে দিনব্যাপী নানা আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।
র্যালিতে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল, কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ হানিফ মুরাদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরীসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকরা অংশ নেন।
র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে এসে শেষ হয়।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।
এ সময় ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, ‘আজকের এ দিনটি আমাদের সবার জন্য সর্বজনীন একটি উৎসব। সুদীর্ঘকাল থেকে আবহমান বাংলায় উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ পালিত হয়ে আসছে। বাংলা নববর্ষ বাঙালির চিরন্তন ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার অনন্য প্রতীক।’
তিনি বলেন, ‘পহেলা বৈশাখ আমাদের নতুন করে ভাবতে শেখায়। পুরোনো গ্লানি, সংকীর্ণতা ও ভেদাভেদ ভুলে একটি সমৃদ্ধ ও মানবিক সমাজ গঠনের প্রেরণা যোগায়।’
পরে তিনি নববর্ষ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব, সংগঠন ও শিক্ষার্থীদের উদ্যোগে স্থাপিত বিভিন্ন স্টল উদ্বোধন করেন। এসময় তিনি স্টলসমূহ ঘুরে দেখেন।
শেষে শিক্ষার্থীদের আয়োজনে বৈশাখী উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।



