তুরাগ (ঢাকা) সংবাদদাতা
তানজিমুল উম্মাহ ইন্টারন্যাশনাল তাহফিজ স্কুলের উদ্যোগে নাজেরা গ্রাজুয়েশন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাজধানীর উত্তরার বিজিএমইএ ভবনের নুরুল কাদের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে নাজেরা গ্রাজুয়েশন সম্পন্নকারী কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানটি শাহ মোহাম্মদ ওলিউর রহমান চিশতীর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। তানজিমুল উম্মাহর চেয়ারম্যান হাবিবুল্লাহ ইকবালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য মারজিয়া বেগম।
বক্তব্যে তিনি বলেন, আধুনিক ও প্রচলিত শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী ও গতিশীল শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, ‘তানজিমুল উম্মাহ ইন্টারন্যাশনাল তাহফিজ স্কুল একদিন বিশ্বের অন্যতম খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে।’ আধুনিক শিক্ষা, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সঙ্গে ইসলামী শিক্ষার সমন্বয় ঘটানোর উদ্যোগের জন্য তিনি প্রতিষ্ঠানটির প্রশংসা করেন।
অনুষ্ঠানে নাজেরা গ্রাজুয়েশনপ্রাপ্ত শিক্ষার্থীরা পবিত্র কুরআন তেলাওয়াত পরিবেশন করে উপস্থিত অভিভাবক ও অতিথিদের মুগ্ধ করেন।
চেয়ারম্যান হাবিবুল্লাহ ইকবাল শিক্ষার্থীদের কুরআনের মৌলিক বিষয় নিয়ে প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন। এতে শিক্ষার্থীরা সাবলীলভাবে উত্তর দিয়ে তাদের দক্ষতার পরিচয় দেয়। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যতে আল-আজহারের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নের উপযোগী করে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে অর্জিত কুরআনি শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করে দুনিয়া ও আখিরাতের সফলতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাস্টিস স্টাডিজ ইউনিভার্সিটি রেজাইনা (কানাডা)-এর অ্যাসোসিয়েট প্রফেসর ড. আসাদউল্লাহ, প্রফেসর ড. মুনসুর-ই-এলাহী, ড. মাহবুব রাব্বানী, শেখ ড. আবুল কালাম আজাদ মাদানী, প্রফেসর মো. মোক্তার আহমেদ, ড. আহসাব ইমরুজসহ বিশিষ্ট শিক্ষাবিদ ও আলেমরা।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা কুরআন তেলাওয়াত, শিক্ষামূলক পরিবেশনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে।



