ব্র্যাকের জন্য অক্সফোর্ড ছাড়লেন, পরে জানলেন অফার লেটার বাতিল

‘আমি যখন দেশে আসার সব প্রস্তুতি নিয়ে নিয়েছি এর মধ্যে গত ১৫ মে একতরফাভাবে কোনো কারণ না বলে আমার অফার লেটার সাসপেন্ড করে দেয় ব্র্যাক বিশ্ববিদ্যালয়।’

নয়া দিগন্ত অনলাইন
মুহাম্মদ উবায়দুল হক
মুহাম্মদ উবায়দুল হক

ব্র্যাকের জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চাকরি ছাড়লেন মুহাম্মদ উবায়দুল হক (জাবের উবায়েদ)। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ পেয়ে ছেড়ে দেন অক্সফোর্ডের চাকরি। কিন্তু অফার লেটার সাসপেন্ড হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন উবায়দুল।

সোমবার (১৯ মে) এক ফেসবুক স্ট্যাটাসে এ কথা জানান উবায়দুল হক।

উবায়দুল হক ফেসবুক পোস্টে লেখেন, সম্প্রতি ব্র্যাক বিশ্ববিদ্যালয় আমার সাথে বড় ধরনের একটি অন্যায় আচরণ করেছে। আমি স্কুল অব জেনারেল এডুকেশনে ফ্যাকাল্টি মেম্বার হিসেবে জয়েন করার জন্য আবেদন করি গত ফেব্রুয়ারিতে। দু’দফা ইন্টারভিউ, প্রয়োজনীয় ডকুমেন্টস জমা ও সব প্রক্রিয়া শেষে কনফারমেশন ই-মেইল পাই ২৮ এপ্রিল। লেকচারার হিসেবে অফার লেটার পাই গত ৯ মে। জয়েনিং ডেট উল্লেখ করা হয়, জুনের ১ তারিখ। আমার সাথে এইচআর থেকে যিনি যোগাযোগ করছিলেন তার পরামর্শক্রমে আমি ইউকে থেকে দেশে ফেরার সার্বিক প্রস্তুতি নিতে থাকি।

আপনারা জানেন, ‘আমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘অ্যাসেসমেন্ট অফিসার’ হিসেবে চাকরি করছিলাম গত মার্চ মাস থেকে। তবে দেশে আসতে চাচ্ছিলাম দেশের শিক্ষাব্যবস্থায় যদি কিছু অবদান রাখা যায় সে চিন্তা থেকে।’

সেই এইচআর অফিসারের সাথে আলাপের ভিত্তিতে আমি আমার অক্সফোর্ডের অফিসে মে মাসের শুরুতেই নোটিশ দেই। সে অনুযায়ী তারা আমার রিপ্লেসমেন্ট হায়ার করে গত ১৩ মে। আর আমি রিজাইন করি ১৪ মে। একইসাথে ২০ তারিখে দেশে আসার জন্য বিমানের টিকেটও বুক করি।

আমি যখন দেশে আসার সব প্রস্তুতি নিয়ে নিয়েছি এর মধ্যে গত ১৫ মে একতরফাভাবে কোনো কারণ না বলে আমার অফার লেটার সাসপেন্ড করে দেয় ব্র্যাক বিশ্ববিদ্যালয়।

অক্সফোর্ডে আমার রিপ্লেসমেন্ট নিয়ে নেয়ায় আগের জবে জয়েন করার আর সুযোগ নেই। আমি ব্র্যাকের ফিরতি ইমেইলে কারণ জানতে চেয়েছি। এর কোনো জবাব পাইনি।

আজ আবার জেনারেল এডুকেশনে স্কুলের ডিনের সাথে যোগাযোগ করলে আমাকে এইচআর-এর নোটিশ ও জবাবের দিকে রেফার করেন। আর বিস্তারিত কারণ বলার প্রয়োজন বোধ করেননি।

এইচআরের যে অফিসার আমার সাথে সবকিছু নিয়ে আলাপ করেছেন শুরু থেকে তিনিও অফার সাসপেন্ডের ইমেইলের কপিতে আছে। তার এ ব্যাপারের জানার কথা থাকলেও তিনি বলছেন, কিছু জানেন না। তিনি যেন কিছু লুকানোর চেষ্টা করছেন ও অসত্য বলছেন।

পোস্টে তিনি আরো লেখেন, অফার লেটারে উল্লেখ ছিল জয়েনিং সন্তোষজনক ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশনের ওপরে নির্ভর করবে। আমার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। আমার মাদরাসা ব্যাকগ্রাউন্ড ও সোশ্যাল মিডিয়ায় টুকটাক লিখি। জুলাই কেন্দ্রিক অ্যাকটিভিজমকে প্রমোট করি।

আমি ব্র্যাক থেকে আমার সেকেন্ড মাস্টার্স করেছি। সম্মানজনক শিভেনিং স্কলারশিপ পেয়ে বিশ্বের ১ নম্বর এডুকেশন স্কুল (টাইমস হায়ার এডুকেশন সাবজেক্ট র‍্যাংকিং অনুযায়ী) ইন্সটিটিউট অব এডুকেশন (ইউসিএল)-এ পড়েছি। আমি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ২০২১ জানুয়ারি থেকে ২০২২ সালের মার্চ মাস পর্যন্ত কর্মরতও ছিলাম।

উবায়দুল হক জানান, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে সব মিলিয়ে এক বছর কাজ করেছি ‘আউটরিচ ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট’ এবং ‘অ্যাসেসমেন্ট অফিসার’ হিসেবে। আমার বিভিন্ন সাকসেস স্টোরি ব্র্যাক বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ায় প্রচারও করেছে দু’বার। তার পরও আমার সাথে এমন একটি অন্যায্য একটি জঘন্য আচরণ করল; সেটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না।

আমি আর ব্র্যাকে জয়েন করবো না। কিন্তু এমন আচরণ তারা কীভাবে একজন মানুষের সাথে করতে পারে সেটা বুঝতে চাই। কীভাবে আমার যোগ্যতাকে, দক্ষতাকে অগ্রাহ্য করে আমার সাথে অন্যায় আচরণ করল এর জবাব চাই। আমার মতো একজনের সাথে এমন আচরণ করতে পারলে আরো কত মানুষের সাথে এমন হয় সেটা আমরা জানি না। এর প্রতিকার জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে হতেই হবে।

জানা গেছে, উবায়দুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোকপ্রশাসন বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করার পর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চাকরিতে যোগদান করেন। এর আগে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড মাস্টার্স করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে সোমবার বিশ্ববিদ্যালয়টির বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সূত্রে কমিউনিকেশন অফিস গণমাধ্যমকে জানান, ১৮৭২ সালের চুক্তি আইনের ধারা ৫ অনুসারে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার অফার লেটারটি প্রত্যাহার করেছে। যথাযথ বিবেচনার পর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।