বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও নিউজ পোর্টালে এসএসসি পরীক্ষা ২০২৬-এর বাংলা প্রথম পত্রের (১০১) সকল বোর্ডের প্রশ্নফাঁস হয়েছে মর্মে একটি সংবাদ ছড়িয়ে পড়েছে; যা সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
আজ রোববার এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ ধরনের মিথ্যা সংবাদে জনগণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সেখানে আরো বলা হয়েছে, ইতোমধ্যে ২১ এপ্রিল বাংলা প্রথম পত্র ও ২৩ এপ্রিল বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা শেষ হয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। পরীক্ষা শেষ হওয়ার এক দিন পর প্রশ্নফাঁস সম্পর্কিত সংবাদটি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।
প্রকৃতপক্ষে, প্রশ্নপত্র ফাঁসের সংবাদটি একটি গুজব, যা সরকারের ভাবমর্যাদা ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে প্রচার করা হচ্ছে। এ বিষয়ের সাথে মন্ত্রণালয় বা এর অধীনস্ত দপ্তরের কোনো কর্মকর্তা-কর্মচারী জড়িত নয়।
জনগণকে এ ধরনের মিথ্যা সংবাদের বিষয়ে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকাসহ কোনো ধরনের অর্থ লেনদেন না করার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।
এছাড়া, প্রশ্নফাঁস-সংক্রান্ত অপপ্রচার কারো নজরে এলে শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।
সূত্র : বাসস



