শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ক্যান্সার সচেতনতা, প্রাথমিক শনাক্তকরণ, প্রতিরোধ এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ সেমিনারের আয়োজন করে এসইওকে হেলথকেয়ার ও আমরা নারী।
‘ক্যান্সার সচেতনতা জ্ঞান বিনিময় : প্রাথমিক শনাক্তকরণ, প্রতিরোধ এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি’ শীর্ষক এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো: সাজেদুল করিম।
এছাড়া কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: ইসমাইল হোসেন এবং স্কুল অব লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মো: ফারুক মিয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
সেমিনারে আরো বক্তব্য দেন এসইওকে হেলথকেয়ারের সহ-প্রতিষ্ঠাতা ফারহানা হাসনা তুলি, আমরা নারী ও আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট-এর প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এমএম জাহিদুর রহমান। অনুষ্ঠানে চীনের মডার্ন ক্যানসার হসপিটাল গুয়াংজু (এমসিএইচজি)-এর আন্তর্জাতিক অনকোলজি ওয়ার্ডের উপ-পরিচালক ও সহযোগী প্রধান চিকিৎসক লিন জিং এবং বাংলাদেশের কান্ট্রি ইনচার্জ এমিলি সি ক্যান্সারের আধুনিক চিকিৎসা পদ্ধতি ও আন্তর্জাতিক অভিজ্ঞতা তুলে ধরেন।
বক্তারা ক্যান্সারের প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ, সময়মতো চিকিৎসা গ্রহণ এবং সচেতনতার গুরুত্বের ওপর জোর দেন। তারা বলেন, সচেতনতা বৃদ্ধি ও সঠিক তথ্যের মাধ্যমে ক্যান্সার প্রতিরোধ এবং চিকিৎসা অনেকাংশে সম্ভব।
এছাড়া সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।



