চলতি বছরের দাখিল পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বোর্ডের আওতাধীন সকল কেন্দ্র সচিবকে এ নির্দেশনা দেয়া হয়।
আদেশে বলা হয়েছে, পরীক্ষা চলাকালীন সিসিটিভিতে ধারণকৃত ভিডিও রেকর্ড প্রতি ৭ (সাত) দিন পর পর ই-মেইলের মাধ্যমে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ([email protected]) ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (পরীক্ষা) ([email protected]) বরাবর পাঠাতে হবে।
বিষয়টি অতীব জরুরি উল্লেখ করে এতে আরো বলা হয়, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকল জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা অফিসার এবং মাদরাসা প্রধানদেরও অনুলিপি দেয়া হয়েছে।
উল্লেখ্য, ইতোপূর্বে কেন্দ্র পরিদর্শন টিমের নির্দেশনায়ও সিসি ক্যামেরা সংক্রান্ত তথ্য যাচাইয়ের ওপর গুরুত্বারোপ করছে মাদরাসা শিক্ষা বোর্ড। বাসস



