শিক্ষার্থীদের মেধা বিকাশ ও উচ্চশিক্ষায় উৎসাহিত করার লক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২৫টি বিভাগের ৬০ জন কৃতী শিক্ষার্থীকে ‘শিক্ষা মেধাবৃত্তি’ প্রদান করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে এই মেধাবৃত্তি তুলে দেয়া হয়।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অর্থায়নে বিভিন্ন বিভাগের ৬০ জন কৃতী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা মেধাবৃত্তি দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: মামুন অর রশিদ।
এসময় ভিসি ড. মো: মামুন অর রশিদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে যারা অধ্যবসায়, নিয়মিত পড়াশোনা ও শৃঙ্খলার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে, তারাই আজ মেধার স্বীকৃতি অর্জন করেছে। এই সম্মাননা কেবল পুরস্কার নয়, এটি শিক্ষার্থীদের আরো ভালো করার অনুপ্রেরণা।’
তিনি বলেন, ‘বর্তমান সময়ে উচ্চশিক্ষাকে দক্ষতা, প্রযুক্তি, সফট স্কিল ও আউটকাম বেইজড শিক্ষার সাথে সংযুক্ত করতে হবে। কেবল সনদ নির্ভর শিক্ষা নয়, কর্মমুখী ও উৎপাদনমুখী শিক্ষা নিশ্চিত করতে পারলেই দেশের তরুণরা বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের সক্ষমতা প্রমাণ করতে পারবে।’
তিনি শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘চাকরির পেছনে ছুটে বেড়ানোর পরিবর্তে কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদনশীল কাজে নিজেদের সম্পৃক্ত করতে হবে।’
একইসাথে কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে আজীবন শেখার মানসিকতা গড়ে তোলারও আহ্বান জানান তিনি।
বক্তব্যের শেষাংশে ভিসি মহোদয় বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ দেশের সাধারণ মানুষের করের অর্থে সৃষ্টি হয়েছে। তাই শিক্ষার্থীদের ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি দেশপ্রেম, সামাজিক দায়বদ্ধতা এবং দেশের উন্নয়নে আত্মনিয়োগের মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেধাবৃত্তি নীতিমালা প্রণয়ন কমিটির আহ্বায়ক একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুল আলিম বছির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো: মুহসিন উদ্দীন।
অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন জীববিজ্ঞান অনুষদের ডিন ড. হাফিজ আশরাফুল হক, কলা ও মানবিক অনুষদের ডিন ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, সামজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. ইসরাত জাহান, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন মো: হারুন অর রশিদ এবং আইন অনুষদের ডিন ড. সরদার কায়সার আহমেদ।
এছাড়াও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন জীববিজ্ঞান অনুষদের রেদওয়ান আসাদ, আইন অনুষদের জেরিন তাসনিম এবং গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের ঈশিতা আফরিন।
এসময় বক্তারা শিক্ষার্থীদের মেধা, অধ্যবসায় ও সৃজনশীলতাকে উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন এবং জ্ঞানচর্চা, নৈতিক মূল্যবোধ এবং গবেষণামুখী শিক্ষা অর্জনের মাধ্যমে দেশ ও সমাজের উন্নয়নে অবদান রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
গবেষণা ও সম্প্রসারণ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. সোনিয়া খান সনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষক এবং মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক এবং সহকারী প্রক্টর ড. গাজী মো: সাখাওয়াত হোসেন।



