পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলমকে অপসারণের দাবিতে শাহবাগ থানার সামনে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার বেলা ৩টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।
সোমবার রাতে মাদকবিরোধী অভিযানের সময় এক শিক্ষার্থীকে মারধর ও লাঞ্চনার অভিযোগে শিক্ষার্থীরা ওই পুলিশ কর্মকর্তাকে অপসারণের দাবি জানায়।
বিকেল পৌনে ৪টায় আন্দোলনকারী ঢাবি শিক্ষার্থীদের কয়েকজন শাহবাগ থানার পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলতে ভেতরে ঢোকেন।
আন্দোলনকারীদের একজন সাংবাদিকদের জানান, ‘শাহবাগ থানার ভেতরে এখনো আলোচনা চলছে। শিক্ষার্থীরা গেছেন, কথা বলছেন। কথা বলে পরবর্তী সিদ্ধান্ত দেয়া হবে।’
ওই শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পুলিশের চরিত্র পাল্টায়নি। তাদের পোশাক পরিবর্তন হয়েছে। কিন্তু তাদের যে স্বৈরাচারী ব্যবহার সেটা পাল্টায় নাই। তারা কিসের তদন্ত করবে, সে ডিসি মাসুদের নাম নিতে পারছে না।’
এ বিষয়ে কথা বলতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফোন করলেও রিসিভ করেননি তিনি।



