রমজান উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো ‘ইফতার উইথ হামিম’ কর্মসূচি। বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে ইফতার মাহফিল ও পবিত্র কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ( ২৬ ফেব্রুয়ারি) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্যোগ নেন জসীমউদ্দিন হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর বারী হামিম। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয় পবিত্র কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা। ছেলে ও মেয়েদের জন্য পৃথকভাবে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত আলেম ড. এনায়েত উল্লাহ আব্বাসী। তিনি ইফতারের আগে দোয়া পরিচালনা করেন এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করেন।
আয়োজক সূত্রে জানা যায়, চলতি রমজানে তানভীর বারী হামিম তিনটি কর্মসূচি গ্রহণ করেছেন—‘সেহরি উইথ হামিম’, ‘ইফতার উইথ হামিম’ এবং কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা। এর ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ১৩টি হলে পর্যায়ক্রমে সেহরির আয়োজন করা হবে। এছাড়া আগামী ১ মার্চ সবার অংশগ্রহণে বড় পরিসরে ইফতার আয়োজনের ঘোষণা দেয়া হয়েছে।
প্রতিযোগিতা প্রসঙ্গে তানভীর বারী হামিম বলেন, পূর্ববর্তী সময়ে কোরআন তিলাওয়াতকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছিল। এর প্রতিবাদ ও একটি মুক্ত পরিবেশে ধর্মীয় চর্চা নিশ্চিত করার লক্ষ্যে গত বছর প্রথম এ আয়োজন শুরু করা হয়। শিক্ষার্থীদের আগ্রহ ও অংশগ্রহণের ভিত্তিতেই কর্মসূচি অব্যাহত রাখা হয়েছে।
তিনি আরো বলেন, কোনো ধর্মই বিদ্বেষের শিক্ষা দেয় না; সব ধর্মই শান্তি ও সত্যের বার্তা বহন করে। ধর্মকে ব্যবহার করে বিভাজন সৃষ্টিকারীরা টিকে থাকতে পারে না। রমজান মাসে সাধ্য অনুযায়ী শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবিদুল ইসলাম খানসহ বিভিন্ন হলের শিক্ষার্থীরা।



