রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে ইডেনে মাঝরাতে ছাত্রীদের বিক্ষোভ

বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থীরা “ছাত্ররাজনীতির ঠিকানা, এই ইডেনে হবে না” স্লোগান দেন। উত্তেজনাকর পরিস্থিতিতে একপর্যায়ে কয়েকজন শিক্ষার্থী কলেজ গেটে টানানো ছাত্রদলের ব্যানার ও ফেস্টুনে আগুন দেয়ার চেষ্টা করেন।

নয়া দিগন্ত অনলাইন

রাজধানীর ইডেন মহিলা কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। শনিবার (৯ মে) রাত সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে এ বিক্ষোভ শুরু হয়।

বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থীরা “ছাত্ররাজনীতির ঠিকানা, এই ইডেনে হবে না” স্লোগান দেন। উত্তেজনাকর পরিস্থিতিতে একপর্যায়ে কয়েকজন শিক্ষার্থী কলেজ গেটে টানানো ছাত্রদলের ব্যানার ও ফেস্টুনে আগুন দেয়ার চেষ্টা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিভিন্ন হল থেকে বের হয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল করেন এবং কলেজকে সব ধরনের দলীয় রাজনীতিমুক্ত রাখার দাবি জানান। পরে কয়েকজন ছাত্রী প্রধান ফটকসহ কয়েকটি গেট ভেঙে বাইরে বের হওয়ার চেষ্টা করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, সন্ধ্যার পর কলেজ গেটে লেখা ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ স্লোগানটি রং দিয়ে মুছে ফেলা হয়। এর জের ধরেই শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং তারা আন্দোলনে নামেন।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ক্যাম্পাসে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ রাখা যাবে না।

শনিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত ক্যাম্পাসে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছিল। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত হলগুলোর অভ্যন্তরীণ পরিস্থিতি শান্ত ছিল। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কলেজ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।