সরকারি মাদরাসা-ই-আলিয়া, ঢাকার অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুল হক এর উপর ছাত্রদলের হামলার প্রতিবাদে ❝মানববন্ধন❞ করেছে তা'মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু)।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ১২.৩০ মিনিটে তা'মীরুল মিল্লাতের প্রধান ফটকে সহস্রাধিক শিক্ষার্থী ও শিক্ষকদের উপস্থিতিতে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
টাকসু'র ভিপি মঈনুল ইসলামের সভাপতিত্বে ও জিএস মুর্তজা হাসান ফুয়াদের সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গীর বালিকা শাখার ভাইস প্রিন্সিপাল আব্দুল কাইয়ুম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে, ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক রাজনীতি, হল দখল ফ্রি খাওয়া চাঁদাবাজিসহ সকল অপকর্ম রুখে দিতে হবে। অধ্যাপক ওবায়দুল হকের উপর হামলায় জড়িতদের অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
টাকসু ভিপি মঈনুল ইসলাম বলেন, শিক্ষাঙ্গন হলো দেশ গড়ার ও মানুষ তৈরির কারখানা। কোনো সন্ত্রাসী মাস্তানি বা চাঁদাবাজি আর সম্মানিত শিক্ষকদের উপর হামলা করার জায়গা শিক্ষাঙ্গন নয়। তিনি দেশের সর্ববৃহৎ প্রাচীন মাদরাসার অধ্যক্ষ ও শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
তিনি আরো বলেন, জুলাই আন্দোলনে মাদরাসা শিক্ষার্থীদের অসামান্য অবদান ছিল। এদেশের মাদরাসা শিক্ষাব্যবস্থা ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের মাঝে আদর্শিক, নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ তৈরিতে এবং ইসলামী মূল্যবোধ সম্পন্ন মানুষ গড়ার কাজ করে যাচ্ছে, কিন্তু আজ সেই প্রতিষ্ঠানকে কলঙ্কিত করেছে সন্ত্রাসী বাহিনী। পরিশেষে, তিনি বলেন অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনতে স্বরাষ্ট্রমন্ত্রীকে যথাযথ পদক্ষেপ গ্রহন করার আহবান জানান।
কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসার হেড মুহাদ্দিস ড. মোয়াজ্জেম হোসেন আজহারী।
এছাড়াও উপস্থিত ছিলেন তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা'র ফকিহ ইব্রাহিম খলিল, আমিনুল হক, প্রভাষক নুরুল আমিন ও ওমর ফারুকসহ টাকসুর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি।



