দিনাজপুর ও হাবিপ্রবি প্রতিনিধি
দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) দুই হলের ছাত্রদের সংঘর্ষে শিক্ষকসহ তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ মে) দুপুর আড়াইটার দিকে শহীদ আবরার ফাহাদ হল ও নূর হোসেন হলের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষ হয়।
আহতরা হলেন অধ্যাপক মবিনুল ইসলাম এবং ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক আহসান কবির ও অর্ণব।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের স্কুল মাঠের দুই আবাসিক হলের শিক্ষার্থীদের কথা কাটাকাটির জেরে সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে দুই হলের শিক্ষার্থীরা টিএসসির সামনে জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এ সময় শিক্ষকরা সংঘর্ষ থামানোর জন্য ঘটনাস্থলে গেলে শিক্ষকরাও লাঞ্ছিত হন ও অধ্যাপক মবিনুল ইসলাম আহত হন।
হামলাকারীরা নূর হোসেন হলের বিভিন্ন কক্ষ ভাঙচুর করেন। এ সময় হলের সামনে থাকা একটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।
এ ঘটনার প্রতিবাদে প্রতিপক্ষরা বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনে দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করেন। ফলে দু’পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস এম এমদাদুল হাসান বলেন, দুই পক্ষের সংঘর্ষ আপাতত থামানো হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে শিক্ষার্থীদের সাথে আলোচনা চলছে।



