দুই গ্রুপে সংঘর্ষের পর নোবিপ্রবি ছাত্রদলের কমিটি বিলুপ্ত

ঘটনার পর নোবিপ্রবির ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী তাৎক্ষণিক তদন্ত কমিটি গঠন করেন। তিনি বলেন, ‘আমরা এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছি। আমাদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এখানে আছেন। পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আমরা দ্রুত এ বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করব।’

নোবিপ্রবি প্রতিনিধি

দুই গ্রুপে সংঘর্ষ-ভাঙচুরের মধ্যেই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে দলটির কেন্দ্রীয় সংসদ। একই সাথে শিগগিরই বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের অনুমোদনক্রমে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী নোবিপ্রবি শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সাথে দ্রুত নতুন কমিটি ঘোষণা করা হবে।

এদিকে, বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও ভাঙচুরের ঘটনার মধ্যেই কমিটি বিলুপ্তির সিদ্ধান্ত এলো। মঙ্গলবার দুপুরে সালাম হল এলাকায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হন। এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন বলেও অভিযোগ উঠেছে।

এর আগে সোমবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের আবদুল মালেক উকিল হল ও পকেট গেটসংলগ্ন এলাকায় ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনার জেরে মঙ্গলবার দুপুরে ফের সংঘর্ষে জড়ায় পক্ষ দুটি।