পদ ছাড়লেন জাবি প্রক্টর, নতুন দায়িত্বে অধ্যাপক জাকির

পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলমের অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

আতাউর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর দর্শন বিভাগের অধ্যাপক মো: জাকির হোসেন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর দর্শন বিভাগের অধ্যাপক মো: জাকির হোসেন |নয়া দিগন্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম রাশেদুল আলম প্রক্টর পদ থেকে পদত্যাগ করায় নতুন প্রক্টর পদে সাময়িকভাবে নিয়োগ দেয়া হয়েছে দর্শন বিভাগের অধ্যাপক মো: জাকির হোসেনকে।

মঙ্গলবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলমের অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ২৯ জুলাই অপরাহ্ন থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অধ্যাপক মো: জাকির হোসেনকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে সাময়িকভাবে নিয়োগ দেয়া হয়েছে।

আদেশে আরো উল্লেখ করা হয়, নবনিযুক্ত প্রক্টর প্রচলিত বিধি অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং দায়িত্ব হস্তান্তর ও গ্রহণসংক্রান্ত সার্টিফিকেট যথাসময়ে নিয়ামক কর্মকর্তার কাছে জমা দেয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলমকে ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব দেয়া হয়েছিল।