আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করতে আগামী ৯ ও ১৫ ফেব্রুয়ারির নির্ধারিত সকল পরীক্ষা স্থগিতের দাবি জানিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদল।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর এ সংক্রান্ত একটি লিখিত আবেদন জমা দেন সংগঠনটির নেতৃবৃন্দ। আবেদনপত্রটি হস্তান্তর করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো: মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক আরিফ হোসাইন শান্ত।
আবেদনপত্রে ছাত্রদল উল্লেখ করে, অধিকাংশ শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগের জন্য নিজ নিজ এলাকায় যাবেন। এ অবস্থায় নির্ধারিত তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হলে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিঘ্ন ঘটতে পারে। তাই শিক্ষার্থীদের নাগরিক দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করতে আগামী ৯ ও ১৫ ফেব্রুয়ারির নির্ধারিত পরীক্ষাগুলো পরবর্তী সুবিধাজনক সময়ে পুনঃনির্ধারণের অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন বলেন, ‘দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর মানুষ এবার তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পেয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছে। তারা এবার ভোট দিতে বাড়ি যাবেন। তাদের পক্ষে নির্বাচনের আগে ও পরের দু’দিনের নির্ধারিত পরীক্ষা স্থগিতের দাবি তোলা হয়েছে। আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে তাদের সুবিধার কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয়ের কাছে আবেদন করেছি। আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এ দাবি মেনে নিবেন।’



