জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিবিরের ইয়ুথ আইডিয়া কনটেস্টে ১৮৫ গ্রুপের উদ্ভাবনী আইডিয়া

‘যখন দেখি আমার ভাবনাটা অন্যদের আগ্রহ তৈরি করছে, তখন মনে হয় শ্রমটা স্বার্থক। এই অনুভূতি আমাদের আরো ভাবতে, আরো জানতে এবং আরো ভালো কিছু করার দিকে এগিয়ে নেয়। নতুন কিছু তৈরির এই অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে আমরাও পারি পরিবর্তনের অংশ হতে।’

নুর আলম, জবি সংবাদদাতা
ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষির্কী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চলছে ইয়ুথ আইডিয়া কনটেস্টের আইডিয়া প্রদর্শনী। এতে মোট ৩০টি স্টলে মোট ১৮৫টি গ্রুপ তাদের উদ্ভাবনী আইডিয়া উপস্থাপন করেছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে শুরু হওয়া এই আয়োজন এখনো চলমান রয়েছে। বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ, বিজ্ঞান অনুষদ ও অবকাশ ভবনের নিচে থাকা স্টলগুলোর বিজয়ীদের জন্য থাকছে চারটি ক্যাটাগরিতে মোট ২ লাখ টাকার প্রাইজমানি।

উদ্বোধনী বক্তব্যে শহীদ শাহাবুদ্দিনের বাবা মো: রফিকুল্লাহ বলেন, সন্তান আল্লাহর তায়ালার এক নেয়ামত। আজ থেকে ১১ বছর আগে প্রতিষ্ঠাবার্ষিকী প্রোগ্রামে আমার সন্তানকে শহীদ করে স্বৈরাচার হাসিনার বাহিনী। এক ঐতিহাসিক প্রয়োজনে প্রতিষ্ঠিত হয়েছিল ছাত্রশিবির। শিক্ষার্থীদের কল্যাণ আর তরুণদের দক্ষতা উন্নয়নে কাজ করছে শিবির।

আয়োজক সূত্রে জানা গেছে, এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য এক হাজারেরও বেশি রেজিস্ট্রেশন জমা পড়ে। যাচাই-বাছাই শেষে ১৮৫টি গ্রুপকে চূড়ান্তভাবে অংশগ্রহণের সুযোগ দেয়া হয়েছে।

প্রাথমিক বাছাই শেষে মোট ১৮৪ জন অংশগ্রহণকারীকে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত করা হবে। প্রতিযোগিতাটি চারটি সেগমেন্টে অনুষ্ঠিত হচ্ছে- পোস্টার, ভিডিও, পেপার এবং প্রোগ্রাম প্রেজেন্টেশন।

এই ইয়ুথ আইডিয়া কনটেস্টের মাধ্যমে তরুণদের সৃজনশীল চিন্তা, গবেষণাধর্মী ভাবনা ও উদ্ভাবনী আইডিয়া তুলে ধরার সুযোগ তৈরি করা হয়েছে বলে জানান আয়োজকরা।

প্রজেক্টে অংশগ্রহণকারী তাহসিন আল মাহাবী জানান, এই কনটেস্টের সবচেয়ে বড় দিক হলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ের সুযোগ। পোস্টার, ভিডিও, পেপার ও প্রোগ্রাম প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা একে অন্যের আইডিয়া থেকে শিখছি এবং নিজের চিন্তাকে আরো শাণিত করতে পারছি। এ ধরনের আয়োজন আমাদের তরুণদের আত্মবিশ্বাস বাড়ায়। এখানে অংশগ্রহণের মাধ্যমে মঞ্চে কথা বলা, আইডিয়া উপস্থাপন এবং প্রশ্নের উত্তর দেয়ার অভিজ্ঞতা তৈরি হচ্ছে, যা ভবিষ্যৎ পেশাজীবনে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে।

আরেকজন মীর ফাহীম রহমান বলেন, যখন দেখি আমার ভাবনাটা অন্যদের আগ্রহ তৈরি করছে, তখন মনে হয় শ্রমটা স্বার্থক। এই অনুভূতি আমাদের আরো ভাবতে, আরো জানতে এবং আরো ভালো কিছু করার দিকে এগিয়ে নেয়। নতুন কিছু তৈরির এই অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে আমরাও পারি পরিবর্তনের অংশ হতে।

‘মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় বক্তব্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদের ড. ওয়ারেসুল করিম বলেন, আপনাদের আশেপাশে অনেক রিসোর্স আছে, সেগুলো কাজে লাগান। সেটা হতে পারে আপনাদের কোনো ভাই, কোনো শিক্ষক কিংবা কোনো একটা লাইব্রেরি। সেখানে থেকে নিজেদের লক্ষ্য এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে। তবে আমরা তখনই সফল হবো, যখন আমরা আমাদের মা-বাবার স্বপ্ন পূরণ করবো। আল্লাহ যে উদ্দেশ্যে পাঠিয়েছেন, তা বাস্তবায়ন করবো।

শিবিরের আন্তর্জাতিক সম্পাদক মুতাসীম বিল্লাহ শাহেদী বলেন, গত ২৯ ও ৩০ জানুয়ারি আমাদের সায়েন্স ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। আজ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্রশিবিরের আয়োজনে ইয়ুথ আইডিয়া কনটেস্ট হচ্ছে। সারাদেশে আমাদের নানা আয়োজন চলছে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে।