নেপালে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্টের ১০ হাজার ডলার সহায়তা

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান বলেন, নেপালের এই দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশের মানবিক দায়িত্ব।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ১০ হাজার মার্কিন ডলার আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকায় নেপাল দূতাবাসে দেশটির রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীর হাতে সহায়তার চেক তুলে দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো: আব্দুস সালাম।

এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান বলেন, নেপালের এই দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশের মানবিক দায়িত্ব। বিপদগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে এ সহায়তা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও মানবিক সংহতির নিদর্শন।

সোসাইটির ভাইস চেয়ারম্যান ডা: মো: রফিকুল কবির, ট্রেজারার ডা: আবু মো: মোফাখখারুল ইসলাম এবং তহবিল সংগ্রহ বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা: এস এম হুমায়ুন কবির এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির তহবিল সংগ্রহ বিভাগের উদ্যোগে এ আর্থিক সহায়তা দেয়া হয়।

সূত্র : বাসস