মালয়েশিয়ার শিল্পমন্ত্রীর সাথে বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক

বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো উচ্চতায় নিয়ে যেতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। যেখানে দু’ দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত শুরু করার বিষয়ে ঐকমত্য পোষণ করা হয়।

নয়া দিগন্ত অনলাইন
মালয়েশিয়ার বিনিয়োগ, বাণিজ্য ও শিল্পমন্ত্রী জোহরি আব্দুল গনির সাথে বাংলাদেশের হাইকমিশনার মো: মনজুরুল করিম খান চৌধুরীর বৈঠক
মালয়েশিয়ার বিনিয়োগ, বাণিজ্য ও শিল্পমন্ত্রী জোহরি আব্দুল গনির সাথে বাংলাদেশের হাইকমিশনার মো: মনজুরুল করিম খান চৌধুরীর বৈঠক |সংগৃহীত

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ জোরদার করার লক্ষ্যে মালয়েশিয়ার বিনিয়োগ, বাণিজ্য ও শিল্পমন্ত্রী জোহরি আব্দুল গনির সাথে বৈঠক করেছেন বাংলাদেশের হাইকমিশনার মো: মনজুরুল করিম খান চৌধুরী।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) কুয়ালালামপুরে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের অর্থনৈতিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় উঠে আসে। বিশেষ করে বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্প খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো উচ্চতায় নিয়ে যেতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। যেখানে দু’ দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত শুরু করার বিষয়ে ঐকমত্য পোষণ করা হয়। জয়েন্ট বিজনেস কাউন্সিল গঠন চূড়ান্তকরণ এবং বিনিয়োগ সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয়।

মালয়েশিয়ার ‘লেবার-ইন্টেনসিভ’ বা শ্রমঘন শিল্প-কারখানাগুলো বাংলাদেশে স্থানান্তরের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, যা বাংলাদেশের কর্মসংস্থান ও শিল্পায়নে নতুন মাত্রা যোগ করতে পারে।

এছাড়া হালাল বাণিজ্য সম্প্রসারণ এবং রাবার খাতে সহযোগিতার পাশাপাশি মালয়েশিয়ার শিল্পে ব্যবহারের জন্য বাংলাদেশ থেকে প্রক্রিয়াজাত পাট রফতানির উজ্জ্বল সম্ভাবনা নিয়ে কথা বলেন দু’ দেশের প্রতিনিধিরা।

বৈঠকে মালয়েশিয়ার পক্ষে উপস্থিত ছিলেন দেশটির বিনিয়োগ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল হায়রিল ইয়াহরি ইয়াকুব, ডেপুটি সেক্রেটারি জেনারেল মাস্তুরা আহমদ মোস্তফা, সিনিয়র ডিরেক্টর ড. রাশিদি সাঈদ এবং ম্যাট্রেড এর ডেপুটি সিইও এস জয় শঙ্করসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার মোসাম্মৎ শাহানারা মনিকা এবং প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ।