মেসি নেই, সুয়ারেজের জোড়া গোলে শেষ চারে মায়ামি

পায়ের ইনজুরির কারণে ১৫ দিন মাঠের বাইরে থাকার পর ফিরেছিলেন লিওনেল মেসি। কিন্তু দুর্ভাগ্যবশত এক ম্যাচ খেলেই আবারো ছিটকে গেলেন।

নয়া দিগন্ত অনলাইন
সুয়ারেজ
সুয়ারেজ |সংগৃহীত

আবারো মাঠের বাইরে লিওনেল মেসি। খেলতে পারলেন না লিগস কাপের কোয়ার্টার ফাইনালে। তবে তাকে ছাড়াই শেষ আটের গণ্ডি পার করেছে মায়ামি। জোড়া গোল করে জয়ের নায়ক সুয়ারেজ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) অনুষ্ঠিত লিগস কাপের কোয়ার্টার ফাইনালে টাইগ্রেস ইউএএনএলের মুখোমুখি হয় ইন্টার মায়ামি। যেখানে ২-১ ব্যবধানে জয় নিয়ে মায়ামি পৌঁছে গেছে সেমিফাইনালে।

পায়ের ইনজুরির কারণে ১৫ দিন মাঠের বাইরে থাকার পর গত রোববার (১৭ আগস্ট) খেলায় ফিরেছিলেন লিওনেল মেসি। কিন্তু দুর্ভাগ্যবশত এক ম্যাচ খেলেই আবারো ছিটকে গেলেন।

মেসি ছাড়াই মাঠে নামতে হয়েছিল ইন্টার মায়ামিকে। এমনকি বেঞ্চেও ছিলেন না আটবারের ব্যালন ডি’অরজয়ী তারকা। অস্বস্তি অনুভব করায় আবারো মাঠের বাইরে চলে গেছেন মেসি।

তবে মেসির অনুপস্থিতিতে দায়িত্ব কাঁধে তুলে নেন সুয়ারেজ। ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ম্যাচের ২৩ মিনিটে প্রথম গোল করে মায়ামি। পেনাল্টি থেকে গোল করেন সুয়ারেজ।

মূলত টাইগ্রেস ডিফেন্ডার হাভিয়ের অ্যাকুইনোর হাতে বল লাগায় পেনাল্টির সিদ্ধান্তে দেন রেফারি। যা কাজে লাগাতে ভুল হয়নি সুয়ারবজের। এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে মায়ামি।

এদিকে ম্যাচের মাঝপথে সতীর্থ টেলাস্কো সেগোভিয়ার সাথে ধাক্কা খেয়ে চোট পান ডিফেন্ডার জর্দি আলবা। প্রথমার্ধের শেষ পর্যন্ত খেললেও বিরতির পর আর নামতে পারেননি তিনি।

আবার দ্বিতীয়ার্ধ শুরু হতেই ঘটল আরেক নাটক। রেফারির সাথে উত্তপ্ত বাকবিতণ্ডার জেরে লাল কার্ড দেখে সাইডলাইন ছাড়তে বাধ্য হলেন কোচ মাশ্চেরানো। আগামী ম্যাচেও তাকে দেখা যাবে না ডাগআউটে।

এত এত ঘটনার মাঝেই বিরতির পর ৬৭ মিনিটে টাইগ্রেসকে সমতায় ফেরান আনহেল কোরেয়া গোল করে। বড় ধাক্কা খায় মায়ামি। ম্যাচে তখন ১-১ সমতা।

সমতায় থেকেই যখন সময় শেষ হওয়ার পথে, তখন শেষ মুহূর্তে ৮৯ মিনিটে সুয়ারেজ আবারো পেনাল্টি থেকে গোল করে মায়ামির জয় নিশ্চিত করেন। এবারো ডি বক্সে হ্যান্ডবল হলে পেনাল্টি পায় মায়ামি।

শেষ মুহূর্তে টিগ্রেসের এডগার লোপেজের হেড পোস্টে লেগে ফিরে আসায় বেঁচে যায় মায়ামি এবং নিশ্চিত হয় তাদের সেমিফাইনাল। ২-১ গোলের জয়ে শেষ চারে পা রাখে মায়ামি।