সরকারিভাবে জর্ডানে ১৩১ নারী গার্মেন্টসকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

‘নারী কারখানায় শ্রমিক পদে নিয়োগ দেয়া হবে। আবেদনকারীদের প্লেইন মেশিন ও ওভারলক মেশিন পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।’

নয়া দিগন্ত অনলাইন
বোয়েসেল
বোয়েসেল |সংগৃহীত

সরকারিভাবে জর্ডানের টাস্কার অ্যাপারেল-এ ১৩১ জন দক্ষ নারী গার্মেন্টসকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করে আগামী ৩ জুলাই ঢাকায় অনুষ্ঠিত সরাসরি সাক্ষাৎকার ও ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে নির্দেশনা দেয়া হয়েছে।

বোয়েসেল জানায়, নারী কারখানায় শ্রমিক পদে নিয়োগ দেয়া হবে। আবেদনকারীদের প্লেইন মেশিন ও ওভারলক মেশিন পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

নিয়োগপ্রাপ্ত কর্মীরা মাসিক ২২ হাজার ৫০০ টাকা করে মূল বেতন পাবেন। প্রতিদিন ৮ ঘণ্টা এবং সপ্তাহে ছয় দিন কাজ করতে হবে। অতিরিক্ত কাজের ক্ষেত্রে ওভারটাইমের সুবিধাও থাকবে। প্রাথমিকভাবে চাকরির মেয়াদ হবে তিন বছর, যা নবায়নযোগ্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়োগকারী প্রতিষ্ঠান কর্মীদের আবাসন, খাবার, প্রাথমিক চিকিৎসা ও কর্মস্থলে যাতায়াতের ব্যবস্থা করবে। বাংলাদেশ থেকে জর্ডানে যাওয়ার বিমানভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরার বিমানভাড়াও কোম্পানি বহন করবে।

জর্ডানে আগে টাস্কার অ্যাপারেল-এ কর্মরত ছিলেন এমন ব্যক্তিরাই পুনরায় আবেদন করতে পারবেন। তবে দেশে বা জর্ডানে কোনো মামলায় অভিযুক্ত ব্যক্তি নিয়োগের জন্য বিবেচিত হবেন না। একাধিক পাসপোর্ট থাকলে সাক্ষাৎকারের সময় তা সাথে আনতে হবে। যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে ফিরে আসা দক্ষ কর্মীদের অগ্রাধিকার দেয়া হবে।

বোয়েসেল জানিয়েছে, নির্বাচিত কর্মীদের নিয়োগ-সংক্রান্ত প্রায় সব ব্যয় কোম্পানি বহন করবে। প্রার্থীদের শুধু মেডিক্যাল পরীক্ষার জন্য এক হাজার টাকা এবং পিডিও প্রশিক্ষণ ও ফিঙ্গারপ্রিন্ট বাবদ ২২০ টাকা ব্যয় হবে। ভিসা পাওয়ার পর জর্ডান যাত্রার আগে কোম্পানি অর্থ পরিশোধ করবে।

আগামী ৩ জুলাই (শুক্রবার) সকাল ৮টায় ঢাকার মিরপুরের দারুস সালাম রোডে অবস্থিত নারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সরাসরি সাক্ষাৎকার ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রার্থীদের চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, মূল পাসপোর্ট এবং প্রয়োজনীয় ফটোকপিসহ উপস্থিত থাকতে হবে। কোনো জীবনবৃত্তান্ত (বায়োডাটা) সাথে আনার প্রয়োজন নেই।

বোয়েসেল আরো জানিয়েছে, অনলাইনে আবেদন করা সাক্ষাৎকার বা চাকরি পাওয়ার নিশ্চয়তা নয়, চূড়ান্ত নির্বাচনের জন্য প্রার্থীদের ট্রেড টেস্টে উত্তীর্ণ হতে হবে। অনলাইনে আবেদন ফি ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রতিষ্ঠানটি সতর্ক করে বলেছে, বোয়েসেলের কোনো অ্যাজেন্ট বা সাব-অ্যাজেন্ট নেই এবং কোনো ব্যক্তিকে নগদ অর্থ প্রদান না করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে। কর্মী নির্বাচনের পুরো প্রক্রিয়া বোয়েসেল নিজস্ব ব্যবস্থাপনায় সম্পন্ন করবে। বাসস