স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা

চিঠির শেষে তিনি বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি শুভকামনা ব্যক্ত করেন।

নয়া দিগন্ত অনলাইন
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু |ফাইল ছবি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একইসাথে তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি এগিয়ে নেয়ার বিষয়ে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনকে পাঠানো এক চিঠিতে দ্রৌপদী মুর্মু বলেন, ‘ভারতের সরকার, জনগণ ও আমার পক্ষ থেকে জাতীয় দিবস উপলক্ষে আমি আপনাকে এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।’

দুই দেশের গভীর সম্পর্কের কথা উল্লেখ করে ভারতের রাষ্ট্রপতি বলেন, ‘ভারত ও বাংলাদেশ একটি অভিন্ন ইতিহাস, গভীর সাংস্কৃতিক বন্ধন এবং দীর্ঘস্থায়ী ভাষাগত ঐতিহ্যের মাধ্যমে আবদ্ধ, যা আমাদের ঘনিষ্ঠ অংশীদারিত্বের ভিত্তি গড়ে তুলেছে।’

তিনি আরো বলেন, ‘বছরের পর বছর ধরে দুই দেশ সংযোগ, বাণিজ্য, উন্নয়ন অংশীদারিত্ব, বিদ্যুৎ ও জ্বালানি, সক্ষমতা বৃদ্ধিকরণ ও শিক্ষাসহ প্রধান খাতগুলোতে জনমুখী উন্নয়নকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, যা সীমান্তের উভয় পাশে নাগরিকদের জন্য বাস্তব সুফল বয়ে এনেছে।’

ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘দ্বিপক্ষীয় অংশীদারিত্ব আরো জোরদার করতে এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধিকে এগিয়ে নেয়ার লক্ষ্যে ভারত বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।’

চিঠির শেষে তিনি বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি শুভকামনা ব্যক্ত করেন।