নবায়নযোগ্য জ্বালানি খাতে দক্ষ জনবল গড়ে তুলতে বাংলাদেশ ও জার্মানির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ (টিএমইডি) এবং জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের পক্ষে জিআইজেড (জার্মান ইন্টারন্যাশনাল কো-অপারেশন সোসাইটি) এ চুক্তি স্বাক্ষর করে। এর মাধ্যমে ‘টিভিইটি ইন দ্য ফিল্ড অব রিনিউএবল এনার্জি’ (টিভিইটি৪আরই) প্রকল্পের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার পথ সৃষ্টি হলো।
বুধবার (৮ জুলাই) ঢাকায় আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, উন্নয়ন সহযোগী এবং সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জানুয়ারি ২০২৬-এ বাংলাদেশে টেকসই উন্নয়ন প্রকল্পের জন্য জার্মানির ২১ দশমিক ৭৭ মিলিয়ন ইউরোর প্রতিশ্রুতির অংশ হিসেবে এ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। এর আগে গত ১১ জুন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সাথে প্রকল্পটির সমঝোতা স্মারক সই হয়। সর্বশেষ বাস্তবায়ন চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে প্রকল্পটির মাঠপর্যায়ের কাজ শুরু করার আনুষ্ঠানিক ভিত্তি তৈরি হলো।
অনুষ্ঠানে টিএমইডি সচিব মো: দাউদ মিয়া এনডিসি বলেন, এ চুক্তি কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং বাংলাদেশ ও জার্মানির দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও উন্নয়ন অংশীদারিত্বের একটি প্রতিফলন।
তিনি বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা খাত শক্তিশালীকরণ, টেকসই অর্থনৈতিক উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে জার্মানি দীর্ঘদিন ধরে বাংলাদেশের নির্ভরযোগ্য অংশীদার হিসেবে কাজ করে আসছে।
তিনি আরো বলেন, টিভিইটি৪আরই প্রকল্পটি সবুজ দক্ষতার ক্রমবর্ধমান চাহিদা পূরণে কাজ করবে। একইসাথে এটি উচ্চপর্যায়ের নীতিকে বাস্তবমুখী ও দীর্ঘমেয়াদি কারিগরি সক্ষমতায় রূপান্তরের মাধ্যমে দেশের জনশক্তিকে ভবিষ্যৎ শ্রমবাজারের উপযোগী করে তুলবে। এতে জাতীয় অর্থনীতিও উপকৃত হবে।
তিনি জানান, প্রকল্পটি ‘বাংলাদেশ টিভিইটি বাস্তবায়ন পরিকল্পনা ২০২৫-২০৩০’-এর লক্ষ্য ও অগ্রাধিকারের সাথে সামঞ্জস্যপূর্ণ।
অনুষ্ঠানে জিআইজেডের পক্ষ থেকে তাদের কৌশলগত কার্যক্রমের সারসংক্ষেপ তুলে ধরা হয়। একইসাথে টিভিইটি৪আরই এবং ‘প্রফেশনাল এডুকেশন ইন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড এনভায়রনমেন্টাল সেফটি’ (প্রিসাইস) প্রকল্প কীভাবে সমন্বিতভাবে সবুজ দক্ষতা বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে কাজ করবে, তা উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আবুল খায়ের মো: আক্কাস আলী, টিএমইডির অতিরিক্ত সচিব (উন্নয়ন) শামসুর রহমান খান, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো: রুহুল আমিন এবং বাংলাদেশে নিযুক্ত জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব কো-অপারেশন ইয়ানিস হুসেন উপস্থিত ছিলেন। পরে সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। বাসস


