লেবাননে ইসরাইলি হামলায় বাংলাদেশী নিহত, ঢাকার শোক

লেবাননের বাংলাদেশ দূতাবাস ভুক্তভোগীর পরিবারের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে এবং পরিস্থিতি অনুকূলে এলে তার লাশ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেয়া হবে।

নয়া দিগন্ত অনলাইন
পররাষ্ট্র মন্ত্রণালয়
পররাষ্ট্র মন্ত্রণালয় |সংগৃহীত

লেবাননে ইসরাইলের সাম্প্রতিক হামলায় বেসামরিক হতাহত এবং এক বাংলাদেশী নাগরিকের মৃত্যুতে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এ ধরনের সহিংসতা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রতিষ্ঠার চলমান প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে বলেও সতর্ক করেছে ঢাকা।

শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এসব হামলায় বেসামরিক মানুষের হতাহতের ঘটনায় বাংলাদেশ কঠোর নিন্দা জানাচ্ছে এবং আঞ্চলিক শান্তি উদ্যোগের ওপর এটির সম্ভাব্য নেতিবাচক প্রভাব বিষয়েও গভীর উদ্বেগ প্রকাশ করছে।

বিবৃতিতে বৈরুতে ইসরাইলি হামলায় বাংলাদেশী নাগরিক দীপালি নিহত হওয়ার ঘটনারও তীব্র নিন্দা জানানো হয়।

একইসাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং এই কঠিন সময়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে সরকার।

বিবৃতিতে আরো জানানো হয়, লেবাননের বাংলাদেশ দূতাবাস ভুক্তভোগীর পরিবারের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে এবং পরিস্থিতি অনুকূলে এলে তার লাশ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেয়া হবে।

সূত্র : বাসস