নরওয়েজিয়ান নাট্যকার হেনরিক ইবসেনের ১৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকার রাজকীয় নরওয়েজিয়ান দূতাবাস ‘ইবসেন এক পরিবেশশিল্পী’ শীর্ষক একটি বিশেষ আলোচনার আয়োজন করে।
রোববার (১৫ মার্চ) অনুষ্ঠিত অনুষ্ঠানে ইবসেনের ওপর বক্তব্য রাখেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সাবিহা হক।
যিনি তার আসন্ন মনোগ্রাফ ইবসেনের সবুজ ও নীল কার্টোগ্রাফি (ইবসেনস গ্রিন অ্যান্ড ব্লু কার্টোগ্রাফি) থেকে কিছু অংশ উপস্থাপন করেন। বইটি ২০২৮ সালে ইবসেনের দ্বিশতবার্ষিকী উপলক্ষে প্রকাশিত হওয়ার কথা রয়েছে।
হেনরিক ইবসেন (১৮২৮-১৯০৬) মূলত তার সামাজিক নাটকের জন্য সুপরিচিত। তার নাটকে মধ্যবিত্ত নগরজীবনের পারিবারিক বাস্তবতা এবং তার অন্তর্নিহিত মতাদর্শিক টানাপোড়ন গুরুত্ব পায়।
অধ্যাপক সাবিহা হকের মনোগ্রাফ ইবসেনস গ্রিন অ্যান্ড ব্লু কার্টোগ্রাফিতে ইবসেনের নাটকে প্রকৃতির উপস্থিতি ও অনুপস্থিতি- বিশেষ করে বন, পাহাড় এবং সমুদ্রের প্রতীকী তাৎপর্যমণ্ডিত মানুষের মনোজগতে কিভাবে প্রভাব ফেলে তা বিশ্লেষণ করা হয়েছে।
বইটিতে ইবসেনের নাট্যকর্মকে প্রকৃতির উপস্থিতি বা অনুপস্থিতির প্রেক্ষাপটে বিশ্লেষণ করা হয়েছে, যেখানে বন ও পর্বতকে ‘সবুজ’ এবং সমুদ্রকে ‘নীল’ মানবিকীবিদ্যার তাত্ত্বিক ধারণার মাধ্যমে চিহ্নিত করা হয়েছে এবং তা মানুষের মনোজগতের ওপর কী প্রভাব ফেলে তা আলোচিত হয়েছে।
অধ্যাপক হকের মতে, বইটির মূল উদ্দেশ্য হলো এই বিষয়টি তুলে ধরা যে ইবসেনের সামাজিক নাটকগুলোতেও প্রকৃতির সাথে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য এক ধরনের অন্তর্নিহিত আকাঙ্ক্ষা বিদ্যমান।
তার ভাষায়, এসব নাটক আমাদের সামনে তুলে ধরে ‘এমন এক শুষ্ক ও অনুর্বর প্রান্তরের অনুভূতি, যেখানে আনন্দের অভাব এবং মানুষের মন যেন নানা বন্ধনে আবদ্ধ।’



