ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় মধ্যপ্রাচ্যে অস্থিরতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে বাংলাদেশে জ্বালানি নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশীরাই এখন সরকারের অগ্রাধিকার। বিশেষ করে বিমানবন্দরে অপেক্ষমাণ যাত্রীদের সহায়তা দেয়া হচ্ছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আমি গতকাল বিমানমন্ত্রীর সাথে বিমানবন্দরে গিয়েছিলাম। আমরা নিয়ম অনুযায়ী সমন্বয়ের কাজ করছি, যাতে আমাদের নাগরিকদের কোনো বিপদ বা সঙ্কটে পড়তে না হয়। দেশের ভেতরে যারা অপেক্ষমাণ আছেন কিংবা বিদেশে বর্তমান পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় আছেন, তাদের বিষয়েও আমরা নজর রাখছি।
মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দেশের ওপর সম্ভাব্য প্রভাব, বিশেষ করে জ্বালানি সঙ্কটসহ বিভিন্ন বিষয়ে কোনো নির্দেশনা আছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, ‘এই মুহূর্তে আমাদের যে স্টক (মজুদ) রয়েছে, তা নিয়ে তেমন কোনো অসুবিধা হবে না। তবে সঙ্কটের সময় কিছু অস্বাভাবিকতা দেখা দিতে পারে। এ ধরনের সঙ্কট আমরা আগেও দেখেছি।
‘এনার্জি রিলেটেড (জ্বালানি–সম্পর্কিত) ক্ষেত্রে কিছু ফ্লাকচুয়েশন (ওঠানামা) হতে পারে, তবে এ বিষয়ে আমাদের প্রস্তুতি মোটামুটি ভালো। সুতরাং জ্বালানি নিয়ে অতিরিক্ত শঙ্কিত হওয়ার কিছু নেই।’
তিনি বলেন, ‘আমরা চাই এই সমস্যার ডিস্কেলেশন (প্রশমন) হোক ডিপ্লোম্যাসি (কূটনীতি) মাধ্যমে। আমরাও সে আহ্বান জানাচ্ছি। এখানে যারা অপেক্ষমাণ প্যাসেঞ্জার (যাত্রী) আছেন, তাদের আমরা সহায়তা দিচ্ছি। যেমন- কাজের উদ্দেশ্যে যাওয়া ব্যক্তিদের কারো কারো ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, সেগুলো এক্সটেনশন (মেয়াদ বাড়ানো) নিয়ে আমরা কাজ করছি। এজন্য যেসব দেশে আমাদের কর্মীরা যাচ্ছেন, সেসব দেশের ডিপ্লোম্যাটিক কমিউনিটির (কূটনৈতিক মহল) সাথে আমরা আলাপ করছি।’
সূত্র : ইউএনবি



