এসজেএফ সম্মেলন

সার্ক প্রতিষ্ঠায় শহীদ জিয়ার স্বপ্ন আজও অপূর্ণ, সাংবাদিকদের অগ্রণী হতে হবে

সার্ক জার্নালিস্ট ফোরামের সম্মেলনে বক্তারা শহীদ জিয়াউর রহমানের সার্ক স্বপ্নের অপূর্ণতা স্মরণ করে সাংবাদিকদের আঞ্চলিক সেতুবন্ধন হিসেবে কাজ করার আহ্বান জানান।

নয়া দিগন্ত অনলাইন
সার্ক জার্নালিস্ট ফোরামের (এসজেএফ) উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন
সার্ক জার্নালিস্ট ফোরামের (এসজেএফ) উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন |সংগৃহীত

যে মহান উদ্দেশ্য ও আদর্শ নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সার্ক প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন, তা আজও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। এ সঙ্কট কাটিয়ে উঠতে সার্কভুক্ত দেশগুলোর সাংবাদিকদের সেতুবন্ধন হিসেবে কাজ করাতে হবে। গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সার্ক জার্নালিস্ট ফোরামের (এসজেএফ) উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে বক্তরা এ মন্তব্য করেন।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের উত্তর ক্যাম্পাসে অবস্থিত ঐতিহাসিক গান্ধী ভবনে এ সম্মেলন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকতার ভূমিকা নিয়ে এই অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি ও বিশেষ বক্তারা বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

তারা বলেন, যে মহান উদ্দেশ্য ও আদর্শ নিয়ে তিনি সার্ক প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন, তা আজও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সন্দেহ, অবিশ্বাস ও ভুল তথ্যের অপব্যবহারই এই স্থবিরতার প্রধান কারণ। এই সঙ্কট কাটিয়ে উঠতে সার্কভুক্ত দেশগুলোর সাংবাদিকদের সেতুবন্ধন হিসেবে কাজ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতের ১২০টি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গঠিত সংগঠন ‘ভারতীয় বিশ্ববিদ্যালয় সংঘ’-এর (এআইইউ) যুগ্ম সম্পাদক অধ্যাপক ড. আলোক কুমার মিশ্র। সভাপতিত্ব করেন গান্ধী ভবনের পরিচালক অধ্যাপক ড. কে পি সিং।

আলোচনায় বক্তারা মহাত্মা গান্ধীর ‘সত্য’ আদর্শকে বর্তমানের ‘ফেক নিউজ’-এর যুগে প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন। সাংবাদিকতার মাধ্যমে কিভাবে আঞ্চলিক স্থিতিশীলতা এবং পারস্পরিক সহাবস্থান নিশ্চিত করা যায়, তা নিয়ে বিশেষজ্ঞরা মতামত দেন। এছাড়া জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় মহাত্মা গান্ধীর প্রকৃতি-ভাবনার প্রাসঙ্গিকতাও তুলে ধরা হয়।

সার্ক জার্নালিস্ট ফোরাম ইন্ডিয়া চ্যাপ্টারের আয়োজনে এই সম্মেলনে আরো উপস্থিত ছিলেন এসজেএফ সেন্ট্রাল কমিটি (নেপাল)-এর চেয়ারম্যান ড. রাজু লামা, এসজেএফ সেন্ট্রাল কমিটি (বাংলাদেশ)-এর সেক্রেটারি জেনারেল আবদুর রহমান, এসজেএফ বাংলাদেশ চ্যাপ্টার-এর ভাইস প্রেসিডেন্ট আসিফ হাসান নবী, এসজেএফ ইন্ডিয়া চ্যাপ্টার-এর প্রেসিডেন্ট ড. অনিরুদ্ধ সুধাংশু, এসজেএফ শ্রীলঙ্কা চ্যাপ্টার-এর প্রেসিডেন্ট রাহুল সামন্ত।

এছাড়া সার্কভুক্ত বিভিন্ন দেশের সাংবাদিক নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী এই সম্মেলনে অংশ নেন। অনুষ্ঠানে এসজেএফ বাংলাদেশ চ্যাপ্টারের পক্ষ থেকে সংগঠনের ভাইস প্রেসিডেন্ট আসিফ হাসান নবী ও সেন্ট্রাল সেক্রেটারি আবদুর রহমান প্রধান অতিথি ও সভাপতিকে ‘সার্ক হরাইজন’ নামক একটি বিশেষ ম্যাগাজিন উপহার দেন।

আলোচনার শেষ পর্যায়ে অতিথিবৃন্দ গান্ধী ভবন প্রাঙ্গণে আঞ্চলিক সম্পর্ক বৃদ্ধির প্রতীক হিসেবে একটি করে গাছের চারা রোপণ করেন।