বিরোধীদলীয় নেতার সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ডা: শফিকুর রহমানে সাথে বাংলাদেশে নিযুক্ত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে দ্বিপক্ষীয় স্বার্থ, অর্থনীতি, বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয় এবং উভয়পক্ষ সহযোগিতা জোরদারের আশা প্রকাশ করেন।

নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান ও চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান ও চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১টায় বিরোধীদলীয় নেতার রাজধানী ঢাকাস্থ বসুন্ধরার কার্যালয়ে অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে এ সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়।

জামায়াত আমির ডা: শফিকুর রহমান জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং সার্বিক সফলতা কামনা করেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

সাক্ষাৎকালে উভয়পক্ষ দু’দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন। এছাড়া তারা আশাপ্রকাশ করেন, আগামী দিনগুলোতে বাংলাদেশের সাথে চীনের অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরো শক্তিশালী হবে এবং দ্বিপক্ষীয় উন্নয়ন ও সহযোগিতা আরো জোরদার হবে।

বৈঠকে চীন দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ড. লিউ ইউইং, রাজনৈতিক শাখার পরিচালক ঝ্যাং জিং, জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এবং জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক বিশেষ উপদেষ্টা ও জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান উপস্থিত ছিলেন।