দুর্যোগ প্রস্তুতি জোরদারে আইআরসির সাথে অংশীদারিত্বে আগ্রহী বাংলাদেশ

‘সমঝোতা স্মারকের মাধ্যমে আনুষ্ঠানিক অংশীদারিত্ব প্রতিষ্ঠা বাংলাদেশের দুর্যোগ প্রস্তুতি ও ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচিকে আরো শক্তিশালী করতে সহায়ক হতে পারে।’

নয়া দিগন্ত অনলাইন
উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে সৌজন্য সাক্ষাতে আইআরসি’র প্রতিনিধিদল
উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে সৌজন্য সাক্ষাতে আইআরসি’র প্রতিনিধিদল |সংগৃহীত

দুর্যোগ প্রস্তুতি ও ঝুঁকি ব্যবস্থাপনা কার্যক্রম আরো জোরদারে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির (আইআরসি) সাথে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্যমে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৮ জুন) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির (আইআরসি) একটি প্রতিনিধিদলের সাথে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এ আগ্রহের কথা জানান।

আইআরসির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংস্থাটির এশিয়া অঞ্চলের উপ-আঞ্চলিক পরিচালক হাসিনা রহমান। এ সময় সংস্থাটির আঞ্চলিক অ্যাডভোকেসি বিশেষজ্ঞ ও অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশনস প্রধান শাবিরা নুপুরও উপস্থিত ছিলেন।

বৈঠকে দুর্যোগ প্রস্তুতি, ঝুঁকি হ্রাস এবং জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবেলায় সহযোগিতা বৃদ্ধির বিষয়ে উভয় পক্ষ আলোচনা করে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হুমায়ুন কবির বলেন, সমঝোতা স্মারকের মাধ্যমে আনুষ্ঠানিক অংশীদারিত্ব প্রতিষ্ঠা বাংলাদেশের দুর্যোগ প্রস্তুতি ও ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচিকে আরো শক্তিশালী করতে সহায়ক হতে পারে।

তিনি বলেন, দুর্যোগ মোকাবেলায় জনগণের সক্ষমতা বৃদ্ধি, সচেতনতা জোরদার এবং তৃণমূল পর্যায়ে সহনশীলতা গড়ে তোলা গেলে প্রাণহানি ও জীবিকার ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

আলোচনায় দুর্যোগ-পূর্ব প্রস্তুতি জোরদার, জনসচেতনতা বৃদ্ধি এবং জলবায়ুজনিত দুর্যোগ ও অন্যান্য জরুরি পরিস্থিতি মোকাবেলায় কমিউনিটির সক্ষমতা বাড়ানোর গুরুত্বও তুলে ধরা হয়।

উভয় পক্ষ টেকসই সহনশীলতা গড়ে তোলা এবং বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা অগ্রাধিকার বাস্তবায়নে যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে।

তারা দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনজনিত ভবিষ্যৎ ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের সক্ষমতা আরো জোরদার করতে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠক বাংলাদেশ ও আইআরসির মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। বাসস